আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাজমা রহমানের মৃত্যু

আওয়ামী লীগের নেত্রী অধ্যাপক নাজমা রহমান (৬৫) আর নেই। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নাজমা রহমান নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।
নাজমা রহমানের মেয়ের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হালিম সিকদার জানান, তাঁকে যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে।
নাজমা রাহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন শোক প্রকাশ করেছেন।
নাজমা রহমানের স্বামী প্রয়াত মুজিবুর রহমান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছিলেন।