আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা
চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ তাঁর নির্বাচনী ইশতেহারে পরিকল্পিত পৌরসভা নির্মাণের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে হারুনুর রশিদ বলেন, পাঁচ বছর পর পৌর এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবে না। বিশুদ্ধ পানি সরবরাহ ও ড্রেনেজব্যবস্থার উন্নয়নের জন্য চট্টগ্রাম ওয়াসার সহযোগিতায় আগামী দুই বছরের মধ্যে একটি প্রকল্প চালু করবেন। এ ছাড়া পৌর এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
গত পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালনকালে আধুনিক পৌরভবন নির্মাণ, বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের বিবরণ দেন অধ্যাপক হারুনুর রশিদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, আওয়ামী লীগের নেতা আ ক ম শামশুজ্জামান চৌধুরী, বিজন চক্রবর্তী, আলমগীর আলম প্রমুখ।