আওয়ামী লীগ প্রার্থীর তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার স্বামী (সেকান্দর মিয়া) বারৈয়ারঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দিতে যায়। সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। পরে বাড়িতে এসে ৩০-৩৫ জন সশস্ত্র যুবক তাণ্ডব চালায়। ঘরের বেড়ায় এলোপাতাড়ি দা-কিরিচ দিয়ে কোপাতে থাকে। তারা হুমকি দেয় যাতে ভোটকেন্দ্রে না যাই। এরপর পাশের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়।’

সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল বাজারের পাশে চৌধুরীপাড়ার বাসিন্দা শামসুন নাহার এভাবেই তাঁর অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের মা। হামলার সময় (বেলা ১১টা) নাজিম বাড়ির পুকুর পাড়ে লুকিয়ে ছিলেন।

নাজিমুদ্দিনের মায়ের অভিযোগ, সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের লোকজনই এ হামলা চালিয়েছে।

মামুনের অনুসারীদের বিরুদ্ধে গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত হামলা বোমাবাজির অভিযোগ করেছেন আরও অনেকে। তারা বেশি তাণ্ডব চালিয়েছে বারৈয়ারঢালা ইউনিয়নে।

চৌধুরীপাড়ায় নাজিমদের পাশাপাশি ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মওলা ও কৃষক দলের ইউনিয়ন সহসভাপতি মোজাম্মেল হকের বাড়িতেও ভাঙচুর চালায়। আগুন দেওয়া হয় মো. হাছানের মোমবাতি কারখানায়। তিনি সীতাকুণ্ড জামায়াতের রুকন ওমর ফারুকের ভাই। কারখানা থেকে আগুন লাগে পাশের সুনীল নাথের ঘরে।

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর নিয়ে পাঁচ মিনিটের মধ্যে চৌধুরীপাড়ায় পৌঁছান কয়েকজন সাংবাদিক। ততক্ষণে দেখা যায় ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে চলে যাচ্ছে। টিনের ছাউনি ও বেড়ার কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা তো অনেক আগেই এখানে এসেছি। এখন আগুন নিভিয়ে চলে যাচ্ছি। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কারখানা বন্ধ ছিল।’

কারখানার মালিক হাছান বলেন, ‘আমি শেষ। আমি রাজনীতি করি না। কিন্তু আমার ভাই জামায়াত করেন।’

জানা গেছে, চৌধুরীপাড়ার ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য গতকাল শনিবার সকাল থেকে এলাকায় ৩০-৩৫ জনের একটি গ্রুপ মহড়া দিচ্ছিল। ভুক্তভোগী নাজিম উদ্দিন ও গোলাম মওলা এ ঘটনার জন্য আওয়ামী লীগের প্রার্থী মামুনের কর্মীদের দায়ী করেন।

বারৈয়ারঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে দিদারুল আলম নামের এক বিএনপির কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

একই ইউনিয়নের নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বেলা পৌনে একটার দিকে দেখা যায়, কেন্দ্রের বাথরুম লক্ষ্য করে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশি তৎপরতা বেড়ে যায়। প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা আতঙ্কে বের হয়ে আসেন। সেখানে কোনো ভোটার ছিলেন না তখন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘দু-একটি ছোটখাট ঘটনা তো ঘটবেই। সেন্টার দখল না হলেই হলো। আর এখানে তেমন কিছু ঘটেনি।’

এরপর ওসি ইফতেখার প্রিসাইডিং কর্মকর্তা মারফত উল্লাহ মজুমদারের কাছে ককটেল বিস্ফোরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কোথাও কিছু হয়নি তো।’

চৌধুরীপাড়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘আমাদের কাছে আগুনের খবর আছে। তবে ভাঙচুরের কথা জানি না। যদি কেউ অভিযোগ দেয়, আমরা ব্যবস্থা নেব।’

এদিকে সকাল নয়টার দিকে কুমিরা উচ্চবিদ্যালয় কেন্দ্রে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি রবিউল হোসাইনকে ধাওয়া দেন মামুনের কর্মীরা।

মামুনের ঘরের পাশের ফকিরহাট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে সকালে একটি টেম্পোতে আগুন দেওয়া হয়। ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন এ জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। ইউনিয়ন শিবিরের সেক্রেটারি ইনামুল হক অভিযোগ অস্বীকার করেন।

একই কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে জোরপূর্বক ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করেন মামুনের অনুসারীরা। এ সময় ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহউদ্দিনকেও কেন্দ্রে দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন আজম তখন প্রথম আলোকে বলেন, ‘কাপ-পিরিচের লোকজন এসে জোরপূর্বক ভোট দিতে চাচ্ছে। আমি দিচ্ছি না, তাই ক্ষিপ্ত।’

 বেলা তিনটার দিকে শীতলপুর বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে কাপ-পিরিচের লোকজন দল বেঁধে এসে জোরপূর্বক কয়েকটি ভোট দিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার সত্যতা স্বীকার করলেও পুলিশের উপপরিদর্শক আনোয়ার কামাল জাল ভোট দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

পন্থিছিলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিকেলে আরটিভি ও বৈশাখী টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন মামুনের অনুসারীরা।

বিএনপি-সমর্থিত প্রার্থী কাজী মো. সালাউদ্দীন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘উপজেলার মোট ১০টি কেন্দ্রে কাপ-পিরিচের লোকজন ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি করে দখল করেছে। আমি লিখিতভাবে চারটি কেন্দ্রের ভোট স্থগিতের জন্য আবেদন করেছি।’

কাপ-পিরিচের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী ও জামায়াতের মোস্তফা নূর।

অভিযোগ প্রসঙ্গে জানতে বারবার ফোন করেও এস এম আল মামুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান কয়েকটি অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন বলে দাবি করেন।