সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশাল ব্যবধানে হেরেছেন। নেতা-কর্মীরা বলছেন, নির্বাচনের মাঠে দলের বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের ব্যবধান বেড়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জনবিচ্ছিন্ন থাকার এবং অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে।
জেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মো. নজরুল ইসলাম ৬৪৭ ভোটে জিতেছেন। মোট ভোট পড়েছিল ৮২৫টি। এর মধ্যে মুনসুর ১৭৮টি ভোট পান। স্থগিত হওয়া ১৬টি ইউনিয়ন পরিষদের ২০৭টি ভোট চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুনসুর আহম্মেদের পক্ষে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ। তিনি বলেন, মুনসুর আহম্মেদ গত পাঁচ বছর জেলা পরিষদের প্রশাসক ছিলেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এ ছাড়া জেলা পরিষদের একজন কর্মকর্তা মুনসুর আহম্মেদের নাম ব্যবহার করে অনেক সুবিধা নিয়েছেন। এতে মুনসুর আহম্মেদ লাভবান না হলেও তাঁর সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ দুটি কারণ নির্বাচনে প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের পক্ষে ছিলেন।
শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, মুনসুর আহম্মেদের বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা ভোটে ভরাডুবি হওয়ার প্রধান কারণ। জেলা পরিষদের বিভিন্ন কাজে মুনসুরের পক্ষে টাকা আদায় করার বিষয়টি সবাই জানে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের দুজন নেতা বলেন, মুনসুর আহম্মেদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ভোটাররা একজন বিকল্প প্রার্থী খুঁজছিলেন। নজরুল ইসলাম এ জন্য অনেকের সমর্থন পেয়েছেন।
বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের পক্ষে কাজ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন। তিনি বলেন, মুনসুর আহম্মেদ জেলা পরিষদের প্রশাসক থাকার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়েও তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এদিকে নজরুলের বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ নেই।