আওয়ামী লীগ প্রার্থীর সম্পদ বাড়লেও আয় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

বরগুনার বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবিরের সম্পদ বেড়েছে। তবে কমেছে তাঁর আয়।
হলফনামায় গোলাম কবির উল্লেখ করেন, এবার তিনি পৈতৃক সম্পত্তিতে দুটি তিনতলা ও একটি দোতলা ভবন করেছেন। দুটি আধা পাকা দোতলা ভবন, ৩ একর ৩৯ শতক অকৃষিজমি, ৩০ লাখ টাকা মূল্যের একটি মাইক্রোবাসের মালিক হয়েছেন। এ ছাড়া পৈতৃক সূত্রে ৪ দশমিক ২০ একর কৃষিজমি ও একটি পিস্তল পেয়েছেন। পেশা হিসেবে রড-সিমেন্ট, ইটভাটা, ঠিকাদারি ও পরিবহন ব্যবসার কথা উল্লেখ করেন।
২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের সময় তাঁর জমা দেওয়া হলফনামা ঘেঁটে দেখা যায়, তিনি ওই বছর তাঁর সম্পদের আর্থিক মূল্য দেখান ৩০ লাখ ৭২ হাজার ৭১৮ টাকা। আর বার্ষিক আয় দেখান ১০ লাখ ৭১ হাজার টাকা। ২০১৪ সালের উপজেলা নির্বাচনের হলফনামায় তিনি নিজের সম্পদের আর্থিক মূল্য দেখান ৮২ লাখ ৭০ হাজার টাকা আর বার্ষিক আয় ৩ লাখ ৩১ হাজার টাকা। আর এবার পৌর নির্বাচনে তিনি সম্পদের আর্থিক মূল্য দেখিয়েছেন ১ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকা। আর বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, হলফনামায় উল্লেখ করা সম্পদের বাইরেও গোলাম কবিরের অনেক সম্পদ আছে। এর মধ্যে ঢাকার ঝিলমিল প্রকল্পে একটি প্লট, তিন একর জমিতে যৌথ মালিকানায় ইটভাটা স্থাপন উল্লেখযোগ্য।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা ও বেতাগী কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গোলাম কবির ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘মেসার্স কহিনূর কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুমতিপত্র (লাইসেন্স) নেন। এই প্রতিষ্ঠানটির মালিকানা তাঁর মামা রফিকুল ইসলাম গাজীর নামে। প্রতিষ্ঠানটি গত ছয় বছরে অন্তত সাত কোটি টাকার উন্নয়নকাজ করেছে।
বর্তমানে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্সে গোলাম কবির ঠিকাদারির কাজ করছেন। এলজিইডি সূত্রে জানা যায়, নতুন কাজের মধ্যে আছে নিয়ামতি-দেশান্তরকাঠি সড়কের ৬০ লাখ টাকা, পাথরঘাটায় ইসিআরআরপি প্রকল্পের অধীনে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে গার্ডার সেতু, বিআরডিপি প্রকল্পের অধীনে দুটি গুচ্ছে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বদনিখালী থেকে করুণা হাইস্কুল পর্যন্ত সড়ক, একই প্রকল্পের অধীনে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু বাজার থেকে পশ্চিম করুণা-মোল্লারহাট-চরখালী পর্যন্ত সড়ক নির্মাণ। গোলাম কবিরের ব্যবসায়িক অংশীদার খলিলুর রহমান খানের মালিকানাধীন মেসার্স খান এন্টারপ্রাইজের নামে তিনটি এবং বরগুনার মেসার্স আল মামুন এন্টারপ্রাইজের নামে এসব কাজ চলছে।
গত শনিবার খলিলুর রহমানের সঙ্গে কথা হলে তিনি গোলাম কবিরকে তাঁর ব্যবসায়িক অংশীদার বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘এই অর্থবছরে আমরা চারটি কাজ করেছি। এর মধ্যে পাথরঘাটায় একটি গার্ডার সেতু ও একটি সড়কের কাজ শেষ হয়েছে। বাকি একটি সড়কের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে এবং আরেকটি সড়কের কাজ অল্পদিনের মধ্যেই শুরু করব।’
এ বি এম গোলাম কবির অবশ্য খলিলুরের সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদারি থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘খলিলুরের সঙ্গে আমার পাঁচ বছর আগে অংশীদারি ব্যবসা ছিল। এখন আর আমি ঠিকাদারি করি না।’ খলিলুর দাবি করেছেন ঠিকাদারি ব্যবসায়ও আপনি অংশীদার—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের যে কাজ করেছি তার হিসাব-নিকাশ এখনো হয়নি। হয়তো এ জন্য বলেছে।’ ঝিলমিল প্রকল্পে প্লট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, সেখানে একটি প্লট পেয়েছি। তবে সেটার কিস্তি পরিশোধ হয়নি বলে হলফনামায় উল্লেখ করিনি।’