আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই কর্মীর মধ্যে রাজনৈতিক বিতর্ক থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-সমর্থিত আমতৈল গ্রামের আবুল হোসেন ও একই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত শুকলালের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই খবর ছড়িয়ে পড়লে ওই দুই কর্মীর সমর্থনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শুকলালসহ (৩৪) আওয়ামী লীগের ১১ কর্মী এবং বিএনপির আবুল হোসেনসহ চারজন আহত হন। এ সময় উভয় দলের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়ে আটটি বাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করেন। গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাবদাল হোসেন জানান, রাজনৈতিক বিতর্ক ও হাতাহাতির খবর শুনে প্রথমে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মী ভদু শেখের বাড়িতে হামলা করেন এবং তাঁর ছেলে আবুল হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে বিএনপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। ষোলটাকা ইউপির সদস্য ও আমতৈল গ্রাম আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক জানান, একটি তুচ্ছ বিষয়কে পুঁজি করে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালিয়ে তাঁদের জখমসহ বাড়ি ও দোকান ভাঙচুর করেছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, বড় দুই দলের দোষ-ত্রুটি নিয়ে বিতর্ক থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। খবর পাওয়া মাত্র গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।