আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গত বুধবার বিকেলে কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় উভয় পক্ষের ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ অক্টোবর উপজেলার বড়দিয়া মুন্সি মানিক মিয়া কলেজে মিছিল বের করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী গুরুতর আহত হন। এর জের ধরে বুধবার বিকেলে নড়াগাতি থানা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে লুৎফর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যদের লোহাগড়া, গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে বিএনপি-সমর্থিত লোকজন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বিএনপির নেতা মতিয়ার রহমান অভিযোগ করেন, ‘বুধবার বিকেলে পাটনা স্কুল থেকে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের পলাশ, বাশার, জুলফিকার, আসাদ, নবুয়ত, সবুজ, ছিদ্দিক, হালিম, রায়হান, হান্নানসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।