আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে হরিণাকুণ্ডুতে পুলিশসহ আহত ১০
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলা সদরের দোয়েল চত্বরে গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়।সংঘর্ষকালে চারটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ও কর্মী মোশারফ হোসেনকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি গতকাল সন্ধ্যায় সমাবেশ করেছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির উপজেলা কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমাবেশ চলাকালে উপজেলা আওয়ামী লীগ গতকাল একটি মিছিল বের করে। মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোয়েল চত্বরে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরদার ইউনুস আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির, কনস্টেবল আলী আজম, বিএনপির কর্মী মতিয়ার রহমান ও আবদুল কাদের, যুবলীগের কর্মী আশরাফুল হক এবং ছাত্রলীগের কর্মী রিগান ও রাজু আহমেদ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের কর্মী-সমাবেশ চলাকালে আওয়ামী লীগের লোকজন বাইরে থেকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ এসে বিএনপির নেতা-কর্মীদের ওপর চড়াও হয়।অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মসিউর রহমান জোয়ার্দার দাবি করেন, বিএনপি অফিসের পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এতে উত্তেজনা দেখা দেয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি।