আওয়ামী লীগ বিএনপিতে, বিএনপির কর্মীরা আ.লীগে
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও বিএনপিতে পাল্টাপাল্টি যোগদানের ঘটনা ঘটেছে। একই গ্রামের উভয় দলের নেতা-কর্মীরা দল পরিবর্তন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন খামারুর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। ২ মার্চ রাতে উপজেলার মেন্দিপাড়া গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির ইউনিয়ন পর্যায়ের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আকবর আলী মল্লিকসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—এমনটি ভেবে আওয়ামী লীগ তাদের দলে লোক ভেড়ানোর জন্য আরেকটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। একই ওয়ার্ডের সমপরিমাণ বিএনপির কর্মী-সমর্থককে আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ শুরু করা হয়। গত শনিবার রাতে মেন্দিপাড়া গ্রামে যোগদান অনুষ্ঠানে ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি দানেশ আলীর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, ‘যাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন শুনছি, তাঁরা কোনো দিন বিএনপি করেছেন বলে আমার জানা নেই। আওয়ামী লীগ থেকে অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এর পাল্টা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন, যোগদানকারীরা কেউ বিএনপির সঙ্গে সরাসরি জড়িত নন। তাঁরা সমর্থক কি না, তাও জানেন না তিনি। দানেশ আলী কোনো দিন ওয়ার্ডের সভাপতি ছিলেন না বলে দাবি করেন তিনি।যোগদানকারী দানেশ আলী নিজেকে বিএনপির লোক পরিচয় দিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি বিএনপির সঙ্গে ছিলাম। এখন আওয়ামী লীগের আদর্শ ভালো লাগায় দলীয় নেতা-কর্মী নিয়ে যোগদান করেছি।’ উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের সভাপতি আবদুস সোবহান চৌধুরী বলেন, ‘শুনেছি, দলের কিছু লোক বিএনপিতে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য ভালো খবর নয়। আমাদের সংশোধন হতে হবে।’ তবে পরে যাঁদের যোগদান করানো হয়েছে তাঁদের ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, যাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন, তাঁরা দলের টানেই এসেছেন। আর যাঁদের গত শনিবার রাতে যোগদান করানো হলো, তা সম্মান রক্ষার যোগদান অনুষ্ঠান।