আওয়ামী লীগ বিএনপির কোনো প্রাথী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়নি কোনো জাতীয় রাজনৈতিক দল। চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুজন আঞ্চলিক দুই রাজনৈতিক দল-সমর্থিত প্রার্থী এবং দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী ব্যক্তিরা হলেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি বড়ঋষি চাকমা, জনসংহতি সমিতি (এম এন লারমা) সমর্থিত এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, স্বতন্ত্রপ্রার্থী রূপকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা ও পূর্ব রঞ্জন চাকমা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই এবং ২৪ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন।
জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলায় দলের প্রার্থীরা ভোট না পাওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি। তাই এই দুই রাজনৈতিক দল কোনো প্রার্থী দিতে পারেনি।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘বাঘাইছড়ি উপজেলায় আমাদের দলের অবস্থান ভালো না। আমাদের বিবেচনায় দলে কোনো যোগ্য প্রার্থীও নাই।’
নির্বাচনের আগ মুহূর্তে যেকোনো প্রার্থীকে সমর্থন জানানো হতে পারে বলে উল্লেখ করে তিনি জানান, কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া না হলে কর্মী-সমর্থকেরা নিজেদের ইচ্ছেমাফিক ভোট দেবেন।
বাঘাইছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, ‘এখানে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দাপট বেশি। আমরা প্রার্থী দিলেও নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারব না। তাই কোনো প্রার্থী দেওয়া হয়নি। আমরা কোনো প্রার্থীকেও সমর্থন দেব না।’