মাগুরা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে শেষ পর্যন্ত পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দল থেকেই দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা নিজেদের দল-সমর্থিত প্রার্থী দাবি করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রয়াত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর তপন কুমার রায়, বিএনপি নেতা ও সাবেক মেয়র ইকবাল আকতার খান, বিএনপি নেতা মাহবুবুল হক সিদ্দিকী এবং জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক হাসান সিরাজ।দল-সমর্থিত একক প্রার্থী মনোনয়ন দিতে আওয়ামী লীগ ও বিএনপি দুদলের নেতারাই ব্যর্থ হন। ফলে দল দুটির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই প্রার্থীকে তাঁদের দল-সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করছেন। এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, ‘আওয়ামী লীগের সভায় কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি। আমরা তপন কুমার রায়কে সমর্থন জানিয়েছি।’ তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাগুরা-১ আসনের সাংসদ মো. সিরাজুল আকবর বলেন, ‘তাঁরা যা বলছেন, তা ঠিক নয়। তপন রায় দলীয় মনোনয়নপ্রত্যাশী বলে দলের কাছে কোনো আবেদনই করেননি। দলীয়ভাবে খুরশীদ হায়দারকে সমর্থন দেওয়া হয়েছে। মেয়র পদে তিনিই দল-সমর্থিত প্রার্থী।’ এদিকে বিএনপির দুই পক্ষও তাদের দুই প্রার্থীকে পৃথকভাবে দল-সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করছে। জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান বলেন, ‘ইকবাল আকতার খান বিএনপির কোনো পদে নেই। আমরা তাঁকে দলীয় সমর্থন জানাইনি। তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করছেন। তাঁকে স্বতন্ত্র প্রার্থী বলা যায়। আমাদের দল-সমর্থিত প্রার্থী মাহবুবুল হক সিদ্দিকী।’ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সংসদ নির্বাচনে ইকবাল আকতার খানকে মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। এ ক্ষেত্রে ইকবাল আকতার খান যে বিএনপি-সমর্থিত প্রার্থী তা বলাই বাহুল্য।’প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলতাফ হোসেন গত ১২ ফেব্রুয়ারি মারা যান। পরে মেয়র পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। আগামী ৬ মে পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার ৬১ হাজার ৫০২ জন।