আওয়ামী লীগ যা বলে তা করে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যা বলে তা করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খানবাড়ীতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালি জাতিকে দাবায় রাখা যাবে না। সে কথা সত্য হয়েছে। বাঙালিকে দাবায় রাখা যায়নি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। খাদ্যের জন্য বাংলাদেশকে অন্যের কাছে ভিক্ষা চাইতে হয় না, হাত পাততে হয় না।
শেখ হাসিনা বলেন, ওয়াদা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা তা করেছি। বাকিদের বিচারকাজ চলছে। যত চেষ্টাই করুক, কেউ এই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী। তারা দেশের উন্নয়ন চায় না। বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিলেন বলেও তিনি অভিযোগ করেন।
শেখ হাসিনা বলেন, কেউ গুনাহ করলে মৃত্যুর পর দোজখের আগুনে পুড়বে। বিএনপি-জামায়াত দেশের মানুষকে জীবন্ত আগুনে পুড়িয়েছে। এখন বলছে, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা এসব করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি ফুলের মালা গলায় দিয়ে পূজা করা হবে?-সে প্রশ্নও রাখেন তিনি।
প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে করে শরীয়তপুরের জাজিরায় যান। হেলিকপ্টারে অন্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রধানমন্ত্রী সেখানে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর নদীশাসন কাজের উদ্বোধন করে দেওয়া ভাষণে বলেন, পদ্মা সেতু নির্মাণ তাঁর কাছে চ্যালেঞ্জ ছিল। পদ্মা সেতু নিয়ে ওঠা বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের কথা স্মরণ করে তিনি বলেন, এ প্রকল্পকে দুর্নীতিগ্রস্ত করার অপচেষ্টা চলেছে। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হওয়ার পর কোনো কারণ ছাড়া দুর্নীতির অভিযোগ আনা হয়। এ নিয়ে অনেক আলোচনা ও তর্কবিতর্ক চলেছে। কিন্তু বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে পারেনি। এ প্রসঙ্গে তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি একটি ব্যাংকের এমডির পদ দখল করেছিলেন, তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনার কথা উল্লেখ করেন।
এরপর প্রধানমন্ত্রী বেলা একটার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেন। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন। শত বাধার মুখেও দেখাতে পেরেছি, আমরা পদ্মা সেতুর মতো একটি সেতু নিজস্ব অর্থায়নে করতে পারি। সেতুর কাজ যেন সময়মতো শেষ হয়, সে জন্য সবার দোয়া চান তিনি। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে মানুষের আন্তরিকতা ও সহযোগিতা অতুলনীয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়ে যায়। মাইকে ঘোষণা করা হয়, ব্যবস্থাটি এমনভাবে করা ছিল, যাতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই পাইলিং শুরু করা যায়।
প্রতিটি বক্তব্যে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে পাওয়া সাহস তাঁকে শক্তি জুগিয়েছে। শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণে সবার সহযোগিতা কাম্য। এপার-ওপার দুই পারের মানুষ সহযোগিতা করে যাচ্ছে। সে জন্য ধন্যবাদ। তিনি বলেন, পদ্মা সেতু হলে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে আরও একধাপ এগিয়ে যাবে।
স্বপ্নের পদ্মা সেতু
২০১৮ সালের মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। নিজস্ব অর্থায়নে এটি এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প। এর জন্য খরচ হবে প্রায় ২৮ হাজার কোটি টাকা। এই সেতু হলে ঢাকার সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণাঞ্চল। এই সেতুতে ট্রেনও চলবে। এশিয়ান হাইওয়ের পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হবে। অর্থনীতিবিদেরা মনে করছেন, পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।
সরকারের পক্ষ থেকে পদ্মা সেতু ঘিরে হংকংয়ের আদলে নগর গড়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। মাওয়া থেকে পোস্তগোলা পর্যন্ত চার লেনের সড়ক হবে। রাজধানীর বিজয়নগর থেকে ঢাকা-মাওয়া মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনে হবে ১৩ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক।
পদ্মা সেতুর মূল কাজের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে প্রকল্পের ২৭ শতাংশ কাজ হয়েছে। এর মধ্যে সেতুর কাজের ১৭ দশমিক ২৭ শতাংশ, নদীশাসন কাজের ১৩ শতাংশ এবং উভয় প্রান্তে সংযোগ সড়কের প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুতে মোট পিলার থাকবে ৪২টি। এর মধ্যে ৪০টি পিলার থাকবে নদীর ভেতরের অংশে। দুটি থাকবে দুই প্রান্তে সংযোগ সেতুতে। নদীর ভেতরের ৪০টি পিলারের প্রতিটিতে ৬টি করে পাইল করা হবে। এ জন্য মোট ২৪০টি পাইল করতে হবে। সংযোগ সেতুর দুটি পাইলে ১২টি করে ২৪টি পাইল করতে হবে।
দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা সেতু। ১৯৯৮-৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর নকশার জন্য পরামর্শক নিয়োগ করা হয়। তবে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ২০১১ সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেলে সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু তৈরির উদ্যোগ নেয়। ২০১৪ সালের জুন মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের সঙ্গে এই সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২৬ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কর্তৃপক্ষ এ বছরের মার্চে চীনের প্রথামতো মাওয়ায় পদ্মার পাড়ে দুটি গরু, দুটি ছাগল ও দুটি মোরগ জবাই করে সেগুলোর রক্ত নদীতে ভাসিয়ে দিয়ে নির্মাণকাজ শুরু করে।
আরও পড়ুন: