নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভরাডুবি হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আনিসুর রহমান ও খোকন সাহা প্যানেল সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবদুল বারী ভূঁইয়া ও জাকির হোসেন প্যানেল জয়ী হয়েছে যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ পাঁচটি পদে।বিএনপি সমর্থিত আইনজীবীরা মনে করছেন, সঠিক প্রার্থী মনোনীত না করা এবং দলীয় কোন্দলই তাঁদের পরাজয়ের কারণ।নবনির্বাচিত সভাপতি হলেন আনিসুর রহমান, সাধারণ সম্পাদক খোকন সাহা, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা, সহসভাপতি সুলতানুজ্জামান, লাইব্রেরি সম্পাদক নাসিমা আক্তার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন। সদস্যরা হলেন আশরাফুল আমিন, সোহেল মিয়া, কামাল হোসেন, শামীম হোসেন, দীপক শর্মা ও সৈয়দা মুকুল।জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সহসাধারণ সম্পাদক পদে মশিউর রহমান, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান ও আপ্যায়ন সম্পাদক কাজী আবদুল গাফফার। নির্বাচিত সদস্যরা হলেন হামিদা খাতুন ও ওমর ফারুক।সভাপতি পদে আনিসুর রহমান পেয়েছেন ৪০০ ভোট, প্রতিদ্বন্দ্বী বারী ভূঁইয়া পেয়েছেন ২৭১ ভোট।নারায়ণগঞ্জ নতুন বার ভবনে গত বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭১০ ভোটারের মধ্যে ৬৮৬ জন ভোট দেন।