চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও পঞ্চম ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলের এক নেতা।
গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক রাশেদ মানোয়ার এই জিডি করেন। জিডিতে শাহিনুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়।
রাশেদ মানোয়ারের জিডিতে বলা হয়, পটিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ডের তিনি একজন সদস্য। বরলিয়া ইউনিয়নে একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৈয়দ নুরুল আবছারের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। কিন্তু সৈয়দ নুরুল আবছার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে ব্যর্থ হন। শাহিনুল ইসলাম দলীয় প্রার্থী মনোনীত হন।
রাশেদ মানোয়ারের অভিযোগ, শাহিনুল ইসলামকে সমর্থন না করায় ২৪ এপ্রিল দুপুর ১২টার দিকে তিনি বেশ কয়েকজন যুবককে নিয়ে ২০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে এসে তাঁর (রাশেদ মানোয়ার) বাড়ির সামনে এসে তাঁর প্রাণনাশের হুমকি দেন।
জিডিতে বলা হয়, ‘শাহিনুল ইসলাম একজন সন্ত্রাসী সৃজনকারী।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহিনুল ইসলাম বলেন, ‘দলীয় মনোনয়ন পেয়ে আমি সেদিন ঢাকা থেকে এসে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ও তাঁদের মিষ্টিমুখ করাতে বের হয়েছিলাম। সেদিন আমি তাঁর (রাশেদ মানোয়ার) বাড়ির আশপাশেও যাইনি। তাঁরা কেউ বাড়িতেও থাকেন না।’
শাহিনুল ইসলাম আরও বলেন, ‘তাঁর (রাশেদ মানোয়ার) সমর্থিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি তাঁকে সম্মান ও শ্রদ্ধা করি।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী জিডির সত্যতা নিশ্চিত করেছেন।