বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। এই সরকার অন্য রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করতে চায়। তিনি সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন দেশে থাকা বিএনপির নেতা-কর্মীদের সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী জনমত গঠনের জন্যও দিকনির্দেশনা দেন। গত রোববার লন্ডনের সাউথ গেট টাউন হলে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তারেক রহমান। বৈঠকে উপস্থিত বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।কঠোর নিরাপত্তা আর নজরদারির মধ্যে বেলা আড়াইটায় শুরু হওয়া ওই সভা চলে প্রায় নয় ঘণ্টা। এতে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বের ৪০টি দেশের বিএনপি ও এর অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। সভায় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।সভায় তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের একমাত্র প্রতিনিধিত্বকারী দল নয়। মুক্তিযুদ্ধে সব বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বরং সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানিদের সঙ্গে একের পর এক বৈঠকের কারণে মুক্তিযুদ্ধ বিলম্বিত হয়েছে। পাকিস্তানিদের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সমঝোতার চেষ্টার কারণেই বাংলাদেশের ৩০ লাখ নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে। বৈঠক সূত্র জানায়, লন্ডনে অবস্থানকালে তারেক রহমান চিকিৎসা নিচ্ছেন বলে তাঁর দলের পক্ষ থেকে জানানো হলেও তিনি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রাখছেন। এরই ধারাবাহিকতায় ওই প্রতিনিধি সমাবেশের আয়োজন করা হয়। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কমর উদ্দীন বলেছেন, ‘এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। বিভিন্ন দেশের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে তারেক রহমানকে দেখতে চেয়েছেন। তাই এই আয়োজন।’ একে তিনি ‘কুশলবিনিময়’ বলেই অভিহিত করতে চান।সভায় উপস্থিত বিএনপির একজন নেতা জানান, নেতা-কর্মীরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারেক রহমানকে মন্তব্য করতে বলেন। জবাবে তিনি বলেন, ‘আমি আপনাদের মতো প্রবাসী, আপনারা প্রবাস থেকে যেমন সংবাদ পান, আমিও আপনাদের মতো সংবাদ পাই। এর বেশি কিছু নয়।’সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সালাম, সহসভাপতি মিয়া মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক কয়সর এম আহমেদ ও নাসিম উদ্দীন অসীম।তারেক রহমান কবে বাংলাদেশে ফিরবেন—জানতে চাইলে কমর উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘তিনি কবে ফিরবেন, এটি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। তবে তাঁর সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।’