আওয়ামী লীগ সরকারে এলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব সময় সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের কবলে পড়ে। বৌদ্ধবিহারে হামলার ঘটনা সে কথাই স্মরণ করিয়ে দেয়।গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমে খবর বেরিয়ে এসেছে, এই জঘন্য ঘটনার পেছনে সরকারি দল মদদ জুগিয়েছে। এ থেকে পরিষ্কার যে এটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল। বাংলাদেশকে হেয় করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।’বিএনপির মুখপাত্র আরও বলেন, ‘বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, কখনো সম্প্রীতি নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে দিইনি। এ কারণে বিএনপির সময়ে দেশের মানুষ একসঙ্গে দুর্গাপূজা ও ঈদ পালন করে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মন্দির ভাঙচুর হয়।’ এ সময় বিএনপির পক্ষ থেকে বৌদ্ধদের ওপর হামলার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে এই কমিটি কক্সবাজারে অবস্থান করছে। তদন্ত শেষ করে কমিটি দ্রুত তা জাতির কাছে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।সোনালী ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, মামলায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কেউ নেই। এভাবে সরকার লুণ্ঠনকারীদের আড়াল করার অপচেষ্টা করছে।বিএনপির মুখপাত্র ঢাকায় বেসরকারি শিক্ষকদের সমাবেশে পুলিশি ‘হামলার’ নিন্দা জানান। বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা বন্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণেই এটি হয়েছে।’ নোয়াখালীর সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান ও জাসদের নেতা শাহিনা আখতারের নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। এ সময় স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।