আওয়ামী লীগ সরকারের কফিন তৈরি শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকারের কফিন তৈরি শুরু হয়ে গেছে। শিগগিরই এ কফিনে শেষ পেরেক মারা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল-পূর্ব সমাবেশে এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান এবং বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাঁকে দেশে আসতে না দেওয়ার জন্যই সরকার এসব করছে। তিনি বলেন, ‘তারেক দেশে আসবেন। একদিন দেশের কর্ণধার হবেন।’ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও ফজলুল হক, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী প্রমুখ। পরে মিছিল শুরু হয়। কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।