সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে সিলেট। নগরের ২৭টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই এ দুই দলের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নগরবাসীর দোয়া কামনা করে ভোট চাওয়া শুরু করেছেন।মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে থাকলেও বিএনপি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুন সিলেটসহ দেশের চারটি সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। ১২ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০০১ সালে সিলেট পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তরিত হওয়ার পর থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান টানা দুই মেয়াদে মেয়র নির্বাচিত হন। নির্বাচনের তফসিল ঘোষণা সামনে রেখে গত ২৬ এপ্রিল সিলেটে দলীয় মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেয়র কামরানের প্রার্থিতা ঘোষণা করেন। গতকাল রোববার এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন কামরান।কামরান বলেন, ‘সিলেটের মানুষের আবেগ-অনুভূতিকে আমি সব সময়ই প্রাধান্য দিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে গেছি। নগরবাসীর সঙ্গে আমার সুদীর্ঘকালের যে সম্পর্ক, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নগরবাসী তার প্রতিফলন ঘটাবেন বলে আমার বিশ্বাস।’মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগ দলীয়ভাবে সুবিধাজনক অবস্থায় থাকলেও বিএনপি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তবে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই দলটির কর্মী-সমর্থকেরা। কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই শতাধিক কর্মী নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দী রেজাউল হাসান কয়েস লোদী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামান মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন। বিএনপির তৃণমূল পর্যায়ের একাধিক নেতা-কর্মী জানান, বর্তমান মেয়র নগরে বেশ জনপ্রিয়। তাঁর বিপরীতে যোগ্য প্রার্থী দেওয়া না গেলে বিজয়ের সম্ভাবনা খুবই কম। এ ক্ষেত্রে কোন্দল ভুলে বিএনপি যদি আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করতে পারে, তবে বিজয় সম্ভব। গত শুক্রবার রাতে নগরের ২৭টি ওয়ার্ডের মুরব্বিস্থানীয় ব্যক্তিদের নিয়ে এক সভার মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেন নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত চারদলীয় জোট সরকারের আমলে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নির্দেশ ও সহযোগিতায় নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমি নগরে অনেক উন্নয়নকাজ করেছি। এর সুফল নগরবাসী এখনো পাচ্ছেন।’