আওয়ামী লীগকে আবার ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দেখতে না চাইলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাইলে আওয়ামী লীগকেই ভোট দিতে হবে। এই মুহূর্তে শেখ হাসিনার আর কোনো বিকল্প নেই।
সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন সফল করুন—এ আহ্বান জানিয়েছেন শিল্পী, খেলোয়াড়-জনতার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচকেরা।
গতকাল সোমবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, ক্লোজআপ ওয়ান তারকা ও বাউলশিল্পীরা গান পরিবেশন করেন। আলোচনায় সাংসদ ও নাট্যব্যক্তিত্ব তারানা হালিম বলেন, এখন দুটি পক্ষ। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, অন্যটি স্বাধীনতার বিরোধী শক্তি। তাই কে কোন পক্ষে যাবেন, সে ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে।
নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজ বলেন, বিরোধীদলীয় নেতা গোপালগঞ্জের নাম পাল্টে ফেলতে চেয়েছেন। কিন্তু তিনি কয়টি জেলার নাম পাল্টাবেন? তাঁর আসল উদ্দেশ্য রাজাকারদের বাঁচানো। তাই কাকে ভোট দেবেন, তা মাথায় রেখেই ভোট দিতে হবে। চারুশিল্পী সংসদের পক্ষে মো. মনিরুজ্জামান বলেন, ‘বিরোধীদলীয় নেতার আচরণ, ভাষা শুনে আমরা অবাক হয়ে যাই।’
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান ও ক্রীড়াবিদ বাদল রায়।