কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র জাফর আলমকে একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের একটি বিশেষ দল স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। ওই সভা থেকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র জাফর আলমকে একক প্রার্থী ঘোষণা করা হয়।
দলীয় নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগে তিনটি বলয় সক্রিয় থাকলেও এবারই প্রথম এককভাবে দলীয় প্রার্থী দিতে সক্ষম হয়েছে দলটি। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জাফর আলমকে সমর্থন দিয়েছেন। এদিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এক সপ্তাহ ধরে নিজ গ্রামে অবস্থান করেও চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে পারেননি। ইতিমধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী, কাকারা ইউপি চেয়ারম্যান আলী মনছুর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র কিনেছেন। এ তিন প্রার্থীর যেকোনো একজনকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করবে।
মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেকোনো একজনকে মনোনয়ন ফরম জমাদান শেষে (২ ফেব্রুয়ারির পর) প্রার্থী ঘোষণা করা হবে।’