আওয়ামী লীগে কোন্দল, তিন বছরে ১০ নেতা-কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরোধ প্রকট আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তার নিয়ে গত তিন বছরে ১০ জন নেতা-কর্মী খুন হয়েছেন। সংঘর্ষে আহত ২৫ জন পঙ্গুত্ব বরণ করেছেন। পাঁচ শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলা-মামলার ভয়ে অনেক নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।
স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজামেঞ্চল হকের পক্ষ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি মোবারক আলী সিকদারের পক্ষ এসব ঘটনায় পরস্পরকে পাল্টাপাল্টি দায়ী করছে।
দলীয় সূত্রে জানা গেছে, মোবারক আলী সিকদার ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ আসনে (সদর-জাজিরা) নির্বাচন করে হেরে যান। ২০০৬ সালেও তিনি দলের মনোনয়ন পান। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে তিনি আত্মগোপনে চলে গেলে ২০০৮ সালের নির্বাচনে বি এম মোজামেঞ্চল হককে মনোনয়ন দেওয়া হয়। তখন থেকেই দলের স্থানীয় পর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। মোবারক সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।
মোজামেঞ্চল হকের সমর্থকদের হাতে আওয়ামী লীগের বড় গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুজ্জামান মাদবর, জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশকর আলী কবিরাজ, আওয়ামী লীগ কর্মী শামসুল মোড়ল ও তোফাজ্জল খোন্দকার খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মোবারক আলী সিকদারের সমর্থকদের হাতে জাজিরার মুলাই ব্যাপারীকান্দি গ্রামের আবুল হোসেন, সরদারকান্দি গ্রামের হারুন সরদার, হাওলাদারকান্দি গ্রামের স্বপন হাওলাদার ও জয়নগর পূর্ব খানকান্দি গ্রামের বাবু মাদবর খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত ব্যক্তিদের সবাই আওয়ামী লীগের স্থানীয় কর্মী।
সদর উপজেলার সন্তোশপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা ও চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ আজাদকে ২০১১ সালের ১৫ জানুয়ারি খুন হন। পরের বছরের ৩০ আগস্ট খুন হন শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সরদার। এ দুটি হত্যা মামলার আসামিরা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী।
নুরুজ্জামান মাদবরের ভাই ফোরকান মাদবর বলেন, ‘আমরা আওয়ামী লীগের দুর্দিনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ি। তার পরও আওয়ামী লীগের লোকের হাতে আমার ভাইয়ের প্রাণ গেল। হত্যাকারীদের নিয়ে সাংসদ সভা-সমাবেশ করে, এলাকায় ঘুরে বেড়ায়।’ জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হক কবিরাজ বলেন, সাংসদ মোজামেঞ্চল হক তৃণমূলের নেতা-কর্মীদের হয়রানি করছেন।
মোবারক সিকদার বলেন, ‘সাংসদের মামলা-হামলার ভয়ে শত শত নেতা-কর্মী এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর আমার কোনো গ্রুপ নেই।’ আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘আলোচিত দুটি হত্যা মামলার কোনো আসামিকে আমি প্রশ্রয় দিইনি।’
সাংসদ বি এম মোজামেঞ্চল হকের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল মালেক জানান, সাংসদ সাংগঠনিক কাজে ব্যস্ত আছেন। এ বিষয়ে এখন কথা বলবেন না।
শরীয়তপুরের পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, আলোচিত অধিকাংশ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যেগুলো বাকি রয়েছে সেগুলোও দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।