আওয়ামী লীগে কোন্দল প্রার্থীশূন্যতা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে চলছে কোন্দল। আর বিএনপিতে রয়েছে প্রার্থীশূন্যতা। দলীয় মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের মূল ধারার তিন নেতা দলের সিদ্ধান্ত মেনে নিতে চাইলেও মাঠে থাকছেন সাংসদ-সমর্থিত অংশের আরেক প্রার্থী। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান বিএনপির মনোনয়ন চাইলেও তাঁকে মনোনয়ন দেওয়া হবে কি না এ নিয়ে দলের মধ্যে রয়েছে সংশয়।উপজেলা আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাংসদ গোলাম মাওলার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর পরিপ্রেক্ষিতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আবদুল ওহাব খলিফা, মাইনুল ইসলাম এবং মু. শাহীন শাহ মেয়র পদে দলীয় মনোনয়ন চাইছেন। শিগগিরই এ বিষয় নিয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। যে করেই হোক দলীয় একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে।’ দলীয় সাংসদ গোলাম মাওলা মেয়র পদে প্রার্থী হিসেবে মু. মামুন আজাদের নাম ঘোষণা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি না তিনি একক সিদ্ধান্তে কী করে মামুন আজাদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন।’মনোনয়ন প্রসঙ্গে মামুন আজাদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ এবং সাংসদ গোলাম মাওলা আমাকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।’ দলের সাংসদ সমর্থিত অংশের সাধারণ সম্পাদক কাজী সহিদুল ইসলাম বলেন, ‘মু. মামুন আজাদই এমপি সাহেব (গোলাম মাওলা) এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটা নিশ্চিত।’ তবে সাংসদ সমর্থিত অংশের সভাপতি রেজাউল করিম হাওলাদার বলেন, ‘দলীয় প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’বিএনপি থেকে মনোনয়ন চাইবেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আবু তালেব মিয়া। তবে তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সভাপতিসহ বর্তমান কমিটির বেশ কিছু সদস্যের মতানৈক্য থাকায় তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হবে কি না তা নিয়ে দলের মধ্যেই সংশয় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, পৌরসভা নির্বাচনে নির্ভরযোগ্য দলীয় প্রার্থীর সংকট রয়েছে। আবু তালেব মিয়া দাবি করেন, তিনিই বিএনপির মনোনয়ন পাবেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান খান বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। আমরা শিগগিরই সিদ্ধান্ত নিয়ে দলীয় প্রার্থী ঘোষণা করব।’ আগামী ১২ জুন গলাচিপা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৬ মে।