আওয়ামী লীগে খুনোখুনি, তিন বছরে ১০ নেতা-কর্মী নিহত
শরীয়তপুর-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরোধ প্রকট আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তার নিয়ে গত তিন বছরে ১০ জন নেতা-কর্মী খুন হয়েছেন। সংঘর্ষে আহত ২৫ জন পঙ্গুত্ব বরণ করেছেন।
স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজামেঞ্চল হকের পক্ষ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি মোবারক আলী সিকদারের পক্ষ এসব ঘটনায় পরস্পরকে পাল্টাপাল্টি দায়ী করছে।
দলীয় সূত্রে জানা গেছে, মোবারক আলী সিকদার ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ আসনে (সদর-জাজিরা) নির্বাচন করে হেরে যান। ২০০৬ সালেও তিনি দলের মনোনয়ন পান। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে তিনি আত্মগোপনে চলে গেলে ২০০৮ সালের নির্বাচনে বি এম মোজামেঞ্চল হককে মনোনয়ন দেওয়া হয়। তখন থেকেই দলের স্থানীয় পর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। মোবারক সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।
সাংসদ মোজামেঞ্চল হকের সমর্থকদের হাতে আওয়ামী লীগের বড় গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুজ্জামান মাদবর, জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশকর আলী কবিরাজ, আওয়ামী লীগ কর্মী শামসুল মোড়ল ও তোফাজ্জল খোন্দকার খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মোবারক আলী সিকদারের সমর্থকদের হাতে জাজিরা উপজেলার মুলাই ব্যাপারীকান্দি গ্রামের আবুল হোসেন, সরদারকান্দি গ্রামের হারুন সরদার, হাওলাদারকান্দি গ্রামের স্বপন হাওলাদার ও জয়নগর পূর্ব খানকান্দি গ্রামের বাবু মাদবর খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত ব্যক্তিদের সবাই আওয়ামী লীগের স্থানীয় কর্মী।
সদর উপজেলার সন্তোশপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা ও চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ আজাদকে ২০১১ সালের ১৫ জানুয়ারি হত্যা করা হয়। আওয়ামী লীগের শরীয়তপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মান্নান সরদার ২০১২ সালের ৩০ আগস্ট খুন হন। এ দুটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী।
মোবারক সিকদার বলেন, ‘সাংসদের মামলা-হামলার ভয়ে শত শত নেতা-কর্মী এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর আমার কোনো গ্রুপ নেই।’
বি এম মোজামেঞ্চল হকের মুঠোফোনে গত রোববার যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল মালেক জানান, সাংসদ সাংগঠনিক কাজে মেহেরপুরে ব্যস্ত আছেন। এ বিষয়ে এখন কথা বলবেন না।