আওয়ামী লীগে গণহারে সহসম্পাদক নিয়োগ
আওয়ামী লীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে কেন্দ্রীয় কমিটিতে গণহারে সহসম্পাদক নিয়োগ করা হচ্ছে। গত এক বছরে তিন দফায় ৪৬৭ জনকে সহসম্পাদক করা হয়েছে। আরও কয়েক শ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে।
দলীয় একাধিক সূত্র জানায়, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় কর্মীদের চাঙা রাখতে মাঠের কর্মীদের সহসম্পাদক নিয়োগ করা হচ্ছে। তবে এভাবে ‘খেয়াল-খুশিমতো’ সহসম্পাদক নিয়োগ করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মর্যাদা নষ্ট হচ্ছে বলে দলের অভ্যন্তরে সমালোচনাও হচ্ছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ৭৩। গঠনতন্ত্রে কেন্দ্রীয় সহসম্পাদক নামে একটি পদের কথা থাকলেও সুনির্দিষ্টভাবে সংখ্যার কথা উল্লেখ নেই। ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের পরপর ৬৬ জনকে সহসম্পাদক মনোনয়ন দেওয়া হয়। এরপর মাস তিনেক আগে ৮৩ জনকে এবং চলতি মাসে আরও ৩১৮ জনকে সহসম্পাদক করা হয়।
দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে প্রায় প্রতিদিন শত শত কর্মীর জীবনবৃত্তান্ত নেওয়া হচ্ছে। শিগগিরই নতুন করে আরও কয়েক শ জনকে সহসম্পাদক করা হবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে সহসম্পাদক নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এক মাস ধরে নিয়মিত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বসছেন। সহসম্পাদক নিয়োগকে কেন্দ্র করে ধানমন্ডির কার্যালয় বেশ সরগরম। ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জমা পড়া কর্মীদের জীবনবৃত্তান্ত দেখে তালিকা করছেন। পরে সেই তালিকায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সই করার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হচ্ছে।
ঢালাও সহসম্পাদক নিয়োগ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এটা অনটেস্ট (পরীক্ষামূলক) নিয়োগ। নির্বাচনের পর যাচাই-বাছাই করে ১৫১ জনকে রাখব।’
অবশ্য সহসম্পাদক হিসেবে যাঁদের চিঠি দেওয়া হয়েছে, তাতে ‘পরীক্ষামূলক’ বলে কোনো কথা নেই। বরং সহসম্পাদক হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(ক) ধারায় বলা আছে, ‘সভাপতি বিভাগীয় (সম্পাদকীয় বিভাগ) উপকমিটিসমূহ গঠন করিবেন।’ ২৫(চ) ধারায় বিভাগীয় উপকমিটির গঠন-প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ প্রত্যেক সম্পাদকীয় বিভাগের কার্যক্রম অধিকতর গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে প্রতিটি সম্পাদকীয় বিভাগে একটি করিয়া উপকমিটি গঠন করিবে। উক্ত উপকমিটি একজন চেয়ারম্যান, একজন সম্পাদক, অনূর্ধ্ব পাঁচজন সহসম্পাদক...সমন্বয়ে গঠিত হইবে।’ গঠনতন্ত্র অনুসারে, সংশ্লিষ্ট বিভাগীয় সম্পাদক সংশ্লিষ্ট উপকমিটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
গঠনতন্ত্রে সহসম্পাদকের সংখ্যা সুনির্দিষ্ট না থাকলেও ১৯টি সম্পাদকীয় বিভাগের কথা উল্লেখ আছে। আর প্রতিটি সম্পাদকীয় বিভাগে অনূর্ধ্ব পাঁচজন সহসম্পাদক নেওয়ার কথা সুনির্দিষ্টভাবে বলা আছে। সে হিসাবে ১৯টি সম্পাদকীয় বিভাগের প্রতিটিতে পাঁচজন করে নেওয়া হলেও সহসম্পাদকের সংখ্যা ৯৫ জনের বেশি হওয়ার কথা নয়। কিন্তু এরই মধ্যে ৪৬৭ জন সহসম্পাদক নেওয়া হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের ভেতরেই প্রশ্ন উঠেছে, ৭৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা শেষ পর্যন্ত কত হবে?
২০০২ সালের ২৬ ডিসেম্বরের কাউন্সিলে প্রথমবারের মতো আওয়ামী লীগের গঠনতন্ত্রে সহসম্পাদক পদ সংযোজন করা হয়। পরবর্তীকালে ৯৫ জন সহসম্পাদক নিয়োগ করা হয়েছিল। কিন্তু তখনকার সহসম্পাদকদের নিয়ে দলে ব্যাপক সমালোচনা হয়। অনেকে বিভিন্ন জেলায় গিয়ে নিজেকে কেন্দ্রীয় নেতা বলে দাবি করতেন। সভা-সমাবেশে সহসম্পাদকদের প্রধান অতিথি, জেলা সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ অতিথি করার কথা বলতেন তাঁরা। অথচ আওয়ামী লীগের তখনকার অনেক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তিন-চারবারের সাংসদ, আবার অনেকে বঙ্গবন্ধুর সময় থেকেই জেলা নেতা ছিলেন। তাঁরা তখন সহসম্পাদকদের উৎপাতের কথা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে জানান। এরপর ওই কমিটির সহসম্পাদকদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তারপর ২০০৯ সালের ২৪ জুলাইয়ের কাউন্সিলের পর কোনো সহসম্পাদক নিয়োগ করা হয়নি।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলে জানা যায়, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় কর্মীদের মাঠে রাখতে গঠনতন্ত্রে থাকা সহসম্পাদক পদ কাজে লাগানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য প্রথম আলোকে জানান, এখন অত্যন্ত সংকটপূর্ণ সময়। এই সময়ে কর্মীদের মাঠে নামাতেই সহসম্পাদক নিয়োগ করা হচ্ছে।