আওয়ামী লীগে জামায়াতের অনুপ্রবেশ উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে জামায়াত-শিবিরের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা। তাঁরা বলেছেন, ২০১৩ সালে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ প্রমাণ করে, জামায়াত যেভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে, তেমনি আওয়ামী লীগেও তারা অনুপ্রবেশ করেছে।
শহীদজননী জাহানারা ইমামের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জাহানারা ইমামের আন্দোলন এবং জামায়াতের বহুমাত্রিক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় গতকাল শনিবার নির্মূল কমিটির নেতারা এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে বিরোধিতা তারাই করেছিল, যারা মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আমরা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডর আমাদের নির্দেশ দেন। তাঁর কাছে আমরা হুমড়ি খেয়ে পড়ি। এটা তাঁদের দোষ নয়, দোষ আমাদের।’ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসাসহ কিছুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত না গাওয়া, জাতীয় পতাকা না ওড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের দুই মাস সময় দিলাম।’
পদ্মা সেতু নির্মাণের জন্য ইসলামী ব্যাংকের কাছে পরিকল্পনামন্ত্রীর এক হাজার কোটি টাকা চাওয়ার সমালোচনা করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র হয়েছে। এগুলোকে শক্তভাবে প্রতিরোধ করতে হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, আয়োজক সংগঠনের সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।