আওয়ামী লীগে দৌড়ঝাঁপ, নীরব বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজবাড়ীর গোয়ালন্দে মনোনয়ন পেতে আওয়ামী লীগের প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু বিএনপি এখন এ ব্যাপারে নীরব। তাদের কোনো প্রার্থীর নাম তেমন জোরালোভাবে শোনা যাচ্ছে না।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পৌরসভা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভায় ভোটার ১৪ হাজার ৫০০। বর্তমান মেয়র শেখ মো. নিজাম আওয়ামী লীগের মনোনয়ন পেতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী হতে চেষ্টা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল।
নির্বাচন নিয়ে বিএনপির কারও নাম জোরালোভাবে শোনা যাচ্ছে না। তবে দলের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম নির্বাচন করতে আগ্রহী।
শেখ মো. নিজাম বলেন, ‘পৌরসভা গঠিত হওয়ার পর দুবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র হয়েছি। এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তাই মনোনয়ন পেতে আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। আওয়ামী লীগ আমাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।’ নাজিরুল ইসলাম বলেন, ‘আমাকে মনোনয়ন দিতে দলের কাছে আবেদন জানিয়েছি।’ গোলাম মাহাবুব রাব্বানী বলেন, ‘তৃণমূল নেতাদের সিদ্ধান্তে প্রার্থী নির্বাচন করলে আমি মনোনয়ন পাব।’ নজরুল ইসলাম মণ্ডল বলেন, ‘স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী আমাকে মেয়র পদপ্রার্থী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়ার পর শহরের অলিগলি চষে বেড়াচ্ছি। দলীয়ভাবে অন্য কাউকে প্রার্থী করার সুযোগ আছে বলে আমি মনে করি না।’
বিএনপির নিজাম উদ্দিন শেখ বলেন, ‘দল চাইলে আমি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে প্রস্তুত আছি।’