আওয়ামী লীগে নতুন মুখ একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত তিনটি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। তাঁদের মধ্যে একজন নতুন মুখ।

দলীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের চারটি আসনের সব কটিতেই বর্তমান সাংসদেরা আওয়ামী লীগের নেতা। তাঁদের মধ্যে দুজন এবারও মনোনয়ন পেয়েছেন। তাঁদের একজন হচ্ছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। তিনি জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ। এই আসনে এবার আওয়ামী লীগ থেকে তিনিই একমাত্র মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এতে করে তাঁর মনোনয়ন পাওয়াটা আগে থেকেই নিশ্চিত ছিল।

অপর সাংসদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মো. আব্দুস শহীদ। তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। এই আসনে আওয়ামী লীগ থেকে এবার মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। কে মনোনয়ন পাবেন, তা নিয়ে দল ও দলের বাইরে অনেক রকম কানাঘুষা ছিল। শেষ পর্যন্ত বর্তমান সাংসদই মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে তিনি ষষ্ঠবার সাংসদ হওয়ার দৌড়ে পা রাখলেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বর্তমান সাংসদ সৈয়দা সায়রা মহসিন। তিনি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী। তাঁর মৃত্যুর পর শূন্য আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছিলেন স্ত্রী সায়রা মহসিন। এবারও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে প্রচারণা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন। এই আসনে মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নেছার আহমদসহ এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আটজন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান সাংসদ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন। ২০১৪ সালের নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কিন্তু দলটির নেতা আবদুল মতিন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সাংসদ হন। পরে তাঁকে আবার আওয়ামী লীগে ফিরিয়ে আনা হয়। তিনিসহ আওয়ামী লীগ থেকে এবার ১২ জন মনোনয়নপ্রত্যাশী। কিন্তু দলটি গতকাল সোমবার বিকেল পর্যন্ত এই আসনে দলীয় কাউকে মনোনয়ন দেয়নি। এবারও আসনটি মহাজোটের শরিক কোনো দলকে ছেড়ে দেওয়া হবে বলে স্থানীয় লোকজন মনে করছেন।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রথম আলোকে বলেন, দল থেকে এখনো এই আসন (মৌলভীবাজার-২) সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দলীয় প্রার্থীর নামও শূন্য আছে। কারও নাম ঘোষণা করা হয়নি।