আওয়ামী লীগে পরাজয় নিয়েই আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ভরাডুবিতে দলে তোলপাড় চলছে। কেন এই পরাজয়, তা নিয়ে দলীয় নেতারা আত্মসমালোচনা করছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে তাঁরা আলোচনা করবেন।এদিকে নির্ধারিত সফরসূচির ২৪ ঘণ্টা আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা একটা ৫০ মিনিটে ঢাকায় ফিরবেন তিনি। সফরসূচি অনুযায়ী কাল বৃহস্পতিবার একটা ৫০ মিনিটে বেলারুশ থেকে তাঁর দেশে ফেরার কথা ছিল। প্রধানমন্ত্রী ৪ জুলাই লন্ডনে যান। সেখানে তিনি শেখ রেহানার মেয়ে টিউলিপের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। লন্ডন থেকে প্রধানমন্ত্রী বেলারুশে যান।আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, চার সিটি করপোরেশনের পর গাজীপুরেও পরাজিত হওয়ায় তাঁরা স্তম্ভিত। তাঁরা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা বলছেন। আলোচনায় নির্বাচন পরিচালনার নানা ত্রুটির বিষয়ও আসছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কি না, সে প্রশ্নও তুলছেন কেউ কেউ। আবার স্থানীয়ভাবে দলে আত্মকলহের বিষয়টিও আলোচিত হচ্ছে।কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, গাজীপুরে জয়ের জন্য দলগত সর্বাত্মক প্রচেষ্টা থাকলেও সঠিক পরিকল্পনার অভাব ছিল। তৃণমূল নেতা-কর্মীদের নির্বাচনে সঠিকভাবে কাজে লাগানো যায়নি বলে অনেকে মনে করেন। মেয়র প্রার্থী আজমত উল্লা খান নিজেই বলছেন, ত্রিমুখী নির্বাচন হলে তিনি জিততে পারতেন।নাম প্রকাশ না করে একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, কয়েকজন নেতার সমর্থন নিয়েই গাজীপুরে জাহাঙ্গীর আলম নাটক করতে পেরেছেন। অর্থবিত্তে হঠাৎ করে হূষ্টপুষ্ট এই নেতাকে নাটক করার সুযোগ না দিলে নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত। একইভাবে অপর একজন কেন্দ্রীয় নেতাও জানান, গাজীপুরে জাহাঙ্গীর আলমকে নির্বাচন করতে দেওয়া হলে দল-সমর্থিত প্রার্থীর জন্য ভালো হতো। তাঁর মতে, জাহাঙ্গীরের সঙ্গে আওয়ামী লীগের তেমন কোনো নেতা-কর্মী ছিলেন না। তিনি নির্বাচন করলেও সমস্যা হতো না।