আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী দুজন, বিএনপিতে একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপিতেও। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুজন হলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মুজিবুর রহমান। বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌরসভার কাউন্সিলর রবিউল আলম।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আকবার হোসেন চৌধুরী এবং বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী।
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হাবিবুর রহমান ১৯৯৯ ও ২০০৪ সালের নির্বাচনে দুবার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। গত পৌরসভা নির্বাচনে তাঁকে দল থেকে মনোনয়ন না দেওয়ায় নির্বাচন করেননি। এবারও তিনি মনোনয়ন চেয়েছিলেন। হাবিবুর রহমান বলেন, ‘আজ (গতকাল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’ দল থেকে কোনো চাপ আসবে কিনা প্রশ্ন করা হলে বলেন, ‘চাপ আসতে পারে। কিন্তু আমি আমার সিদ্ধান্তে আছি।’
অপরদিকে মুজিবুর রহমান বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন চাওয়ার প্রয়োজন বোধ করিনি। অনেক তৃণমূল নেতা-কর্মী আমার সঙ্গে আছেন। তাঁদের সহযোগিতায় নির্বাচন করব। আমি মনে করি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে আমি যোগ্য।’ দল থেকে কেন মনোনয়ন চাননি—এ প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, ‘চাইলেও আমাকে দেওয়া হতো না। আমি দীর্ঘ সময় নিবেদিতপ্রাণ কর্মী হওয়া সত্ত্বেও আমাকে জেলা আওয়ামী লীগে পর্যন্ত নেওয়া হয়নি।’
দুই বিদ্রোহী প্রার্থীর বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘আমরা জানি না তাঁরা মনোনয়নপত্র দিয়েছেন কিনা। আমরা তাঁদের সঙ্গে বসে দেখব কী করা যায়।’ তাঁরা যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না এই প্রশ্নে তিনি বলেন, এখনো সময় আছে। আগাম কিছু বলা ঠিক হবে না।
বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন একটি ওয়ার্ডে জনগণের প্রতিনিধিত্ব করছি। সে কারণে পৌরসভার সব এলাকায় জনগণের সেবার উদ্দেশে অনেক দিন ধরে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। বর্তমান মেয়র নির্বাচন করবেন না বলে বারবার বলেছেন। কিন্তু শেষ পর্যায়ে এসে আবার তাঁকে মনোনয়ন দেওয়া হলো। অনেক নেতা-কর্মী এ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।’
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর (রবিউল আলম) সঙ্গে কথা বলা হচ্ছে। আশা করি তাঁর শুভবুদ্ধির উদয় হবে। আর তা না হলে দল সিদ্ধান্ত নেবে। দলে থাকতে হলে তাঁকে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী শিবু প্রসাদ মিশ্র ও স্বতন্ত্র প্রার্থী অমর দে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাঁরা দলীয় মনোনয়ন চাননি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শিবু প্রসাদ মিশ্র সাংবাদিকদের বলেন, ‘আমি গত মেয়াদে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অনেক কাজ করেছি। আশা করি আগামীতে ভোটাররা পুরো পৌরসভার উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।’
অমর দে বলেন, ‘আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নই।’
এ ছাড়া গঙ্গা মানিক চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।