আওয়ামী লীগে বিভাজন সুবিধায় বিএনপি-জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনজন নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তবে বিএনপি ও জাপায় একজন করে প্রার্থী থাকায় তাঁরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ২৩ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ হবে।
আওয়ামী লীগ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. হারুন অর রশিদ ভূঞা। তবে আজিজুল হক ভূঞা ও গিয়াস উদ্দিন উভয়ই নিজেকে দলের একক প্রার্থী হিসেবে দাবি করেছেন।’
এই নির্বাচনে বিএনপি-সমর্থিত একক প্রার্থী থাকায় তাদের নেতা-কর্মীরা রয়েছেন ফুরফুরে মেজাজে। নির্বাচনে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছাইদুজ্জামান মোস্তফা। তিনি ও দলীয় কর্মী-সমর্থকেরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
ছাইদুজ্জামান বলেন, ‘দলের নেতা-কর্মী সবাই আমার পক্ষে একজোট হয়ে কাজ করছেন। আমার বিশ্বাস, নির্বাচনে আমি জয়ী হব।’
জাতীয় পার্টি (এরশাদ) থেকে দুজন নির্বাচন করলেও কেউ দলীয় সমর্থন চাননি। তাঁরা হলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঞা ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আহাদ ভূঞা।
তবে গত নির্বাচনে কামাল উদ্দিন ভূঞা প্রায় ৬০০ ভোটের ব্যবধানে হেরে যান। তাই অনেকে মনে করছেন, এবার কামাল উদ্দিন শক্ত প্রতিদ্বন্দ্বী।
কামাল উদ্দিন ভূঞা বলেন, ‘তাড়াইলের সব শ্রেণীর ভোটার আমার পাশে আছে।’ অপর প্রার্থী আবদুল আহাদ ভূঞা বলেন, ‘ আশা করি, নির্বাচনে জয়ী হব।’
‘স্বতন্ত্র’ প্রার্থী এ কে এস জামান সম্রাট বলেন,‘ উপজেলার মানুষ সচেতন। তাঁরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’