পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগের মধ্যে স্বাধীনতাবিরোধী কিংবা কোনো যুদ্ধাপরাধী থাকবে—এটা একেবারেই অবান্তর ও হাস্যকর বিষয়। দলের মধ্যে স্বাধীনতাবিরোধী বা যুদ্ধাপরাধী থাকার প্রশ্নই আসে না।’ গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সম্পর্কিত ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখন বিচার সম্পর্কিত সব সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ট্রাইব্যুনালের।দলের বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, রফিকুল ইসলাম ও এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীসহ স্থানীয় নেতা।মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করার উদ্দেশে মূলত আজকের এই বর্ধিত সভার আয়োজন। এর অর্থ এই নয় যে, আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছে।