আওয়ামী লীগে রবিউল-আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলামকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে শহর আওয়ামী লীগ। কিন্তু পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ার আলীও নির্বাচনী মাঠে থাকার ইঙ্গিত দিয়েছেন। এদিকে নির্বাচনে লড়তে বিএনপির স্থানীয় নেতারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০০৪ সালের ৮ মে। মেয়র নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী। মামলা-সংক্রান্ত জটিলতায় এরপর আর নির্বাচন হয়নি। এখনো মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের একাংশের বর্তমান সভাপতি।
আনোয়ার আলী বলেন, ‘পৌরসভার উন্নয়নে কী কাজ করেছি সেটা জনগণই ভালো বলতে পারবে। নির্বাচনের ক্ষেত্রে বড় বিচারক জনগণ। দল ও জনগণ চাইলে নির্বাচন করব।’
তবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের একটি অংশ আনোয়ার আলীর বিরোধী। এই অংশটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফের অনুগত। জেলা আওয়ামী লীগের সম্মেলনে এই অংশের রবিউল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি হন। সম্প্রতি কুষ্টিয়া শহর আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে রবিউল ইসলামকে প্রার্থী ঘোষণা করে।
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দল ও স্থানীয় সাংসদের সমর্থনে রবিউল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রবিউল ইসলাম বলেন, ‘বিগত সময়ে পৌরসভার তেমন কোনো উন্নয়ন হয়নি। গত সাত বছরে আমি স্থানীয় সাংসদ মাহবুব উল আলম হানিফের সঙ্গে সদর উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজে সক্রিয় ভূমিকা রেখেছি।’
এদিকে জেলা বিএনপির নেতারাও বসে নেই। ভেতরে ভেতরে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। দলের একাধিক সূত্র বলছে, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও সদ্য বিলুপ্ত মজমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশিরুল আলম ওরফে চাঁদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন খান ওরফে মিলন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসান ওরফে অপু নির্বাচন করতে আগ্রহী।