আওয়ামী লীগে ৪, বিএনপিতে ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চাচ্ছেন চারজন। একই পদে নির্বাচনের জন্য বিএনপির সমর্থনপ্রত্যাশী দুজন।

আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সূত্র জানায়, দল থেকে সমর্থন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন সমর্থনপ্রত্যাশীরা। এর মধ্যে নির্বাচনী এলাকায় কুশল বিনিময়ও শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অন্যদিকে বিএনপির সমর্থনপ্রত্যাশীদের খুব একটা মাঠে দেখা যাচ্ছে না।

গত জুলাইয়ে শ্যামপুর ইউনিয়ন ভেঙে ডিএসসিসির ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডে রূপান্তর করা হয়। এর মধ্যে কদমতলী, কদমতলী শিল্প এলাকা-১, নতুন কদমতলী (পালপাড়া) নতুন শ্যামপুর, আফসার করিম রোড, বউবাজার, গ্যাস পাইপ, নামা শ্যামপুর (শ্যামপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড অংশ), বাগান বাড়ি বাগিচা, নতুন ওয়াসা রোড, আলী বহর, রাজাবাড়ি ও নতুন আলী বহর (বিক্রমপুর হাউজিং) এলাকা নিয়ে ৫৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।

আওয়ামী লীগ: আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ডিএসসিসির অন্যান্য নতুন এলাকার তুলনায় ৫৮ নম্বর ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা কম। দলীয় প্রার্থী নির্ধারণে স্থানীয় পর্যায়ে এখনো কোনো বৈঠকও হয়নি। তবে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য কয়েক সপ্তাহ আগে থেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ইকবাল। গত রোববার তিনি কাউন্সিলর পদে মনোনয়নপত্রও কিনেছেন। এ ছাড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী তাজউদ্দীন ও হাবিবুর রহমান দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কদমতলী থানা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, রাসেল ইকবাল ও সিরাজুল ইসলামকে মাঠে বেশি দেখা যাচ্ছে। বাকি দুজনের মধ্যে হাবিবুর রহমানের ভাই শফিকুর রহমান বিএনপির সমর্থনপ্রত্যাশী। তাই হাবিবুর নির্বাচন থেকে সরে যেতে পারেন। অন্যদিকে তাজউদ্দীন দলে সক্রিয় ও পদে না থাকায় তাঁর সমর্থন পাওয়া অনিশ্চিত। তবে এ বিষয়ে হাবিবুর রহমান ও তাজউদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করেছি। পরে ছাত্রলীগ, যুবলীগের অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলাম। দলের জন্য সব সময় সক্রিয়ভাবে কাজ করেছি। তাই দল আমার ওপর সন্তুষ্ট। ডিএসসিসির ৫৮ নম্বর ওয়ার্ডে দল থেকে আমিই সমর্থন পাব বলে আশা করি।’

বিএনপি: বিএনপির স্থানীয় সূত্র জানায়, ডিএসসিসির ৫৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপি থেকে কয়জন সমর্থনপ্রত্যাশী, তা এখনো স্পষ্ট নয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন লাল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বিকেলে নামা শ্যামপুর এলাকায় তাঁকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। এ ছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতা হিসেবে পরিচিত শফিকুর রহমান।

জানতে চাইলে শাহীন লাল বলেন, ‘কয়েক দিনের মধ্যেই আমি আনুষ্ঠানিকভাবে সমর্থন পাব। তাই চলার পথে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছি।’

সংরক্ষিত ওয়ার্ড: কদমতলী থানা মহিলা আওয়ামী লীগ সূত্র জানায়, ডিএসসিসির সংরক্ষিত (৫৮, ৫৯ ও ৬০ নম্বর) ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন চাচ্ছেন কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বেগম। তিনি প্রতিদিন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। গতকাল সোমবার এই ওয়ার্ডে নির্বাচনের জন্য মনোনয়নপত্রও কিনেছেন।

সাহিদা বেগম বলেন, ‘আমার সমর্থনের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ ইতিবাচক। প্রাথমিকভাবে আমি তাদের সমর্থন পেয়েছি। এখন আনুষ্ঠানিক সমর্থনের অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, পদ ও যোগ্যতা বিবেচনা করে দল আমাকেই সমর্থন দেবে। তা ছাড়া এই এলাকায় আমার বিকল্পও অন্য কাউকেও দেখছি না।’

সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির সমর্থনপ্রত্যাশী কেউ আছেন কি না, তা জানা যায়নি।

অন্যদিকে এই ওয়ার্ডে জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চাইছেন লিপি আক্তার নামের এক নারী। তবে তাঁর দলে কোনো পদে নেই বলে জানিয়েছে জাতীয় পার্টির স্থানীয় সূত্র।