আওয়ামী লীগের অবস্থা ভালো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। এর মধ্যে আমাদের সুযোগ নিতে হবে। আমি প্রতিটি জেলায় সফর করব। সামনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ১৫১টি আসন নিতে হবে। আমাদের সরকার গঠন করতে হবে।’ গতকাল সোমবার রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ‘বিএনপি ও জোট সরকার তিনবার সরকারে ছিল। কিন্তু তখন তারা জিয়া ও মঞ্জুর হত্যা নিয়ে কোনো কথা বলেনি। এখন তারা আমাকে জড়িয়ে কথা বলছে। তার মানে তারা এখন আমাকে ভয় পায়। বিএনপি আমাকে দালাল বলে। আমি দালালও নই, রাজাকারও নই। আমি যদি হত্যাকারী হতাম তাহলে খালেদা জিয়া আমার কাছে জমি নিলেন কেন? টাকা নিলেন কেন? বাড়ি নিলেন কেন?’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী প্রমুখ।
প্রতিমন্ত্রী রাঙ্গার ঘোষণায় জাপায় ক্ষোভ: রংপুরের পীরগঞ্জে সম্প্রতি পাটচাষিদের এক সমাবেশে জাতীয় পার্টির নেতা এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বিতর্কিত ঘোষণায় দলটির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে।
গত শনিবার পীরগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ওই সমাবেশে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে জেলা জাপার সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এরশাদ ভাই-বোন। ভাইয়ে-বোনে কোনো ভোট হয় না। তাই আমরা পীরগঞ্জে গত দুটি নির্বাচনে প্রার্থী দেইনি। আমি দলের সভাপতিমণ্ডলীর সদস্য হয়ে ঘোষণা দিচ্ছি, ভবিষ্যতে এই পীরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হবে না।’