আওয়ামী লীগের উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে সংযত করা: খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়া থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে সংযত হতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে তাঁর কড়া সমালোচনা করেন সাদেক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগে অনেক সচেতন ও গণতন্ত্রমনা মানুষ আছেন। তাঁদের উচিত ‘সন্ত্রাসী’ স্বরাষ্ট্রমন্ত্রীকে সংযত করা। তিনি যেভাবে দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছেন, তা থেকে বিরত করা। নইলে এর দায়দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। সাদেক হোসেন আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অনেকটা সন্ত্রাসী কায়দায় যুবলীগ ছাত্রলীগকে বলেছেন, “যেখানে জামায়াত-শিবির পাও, আক্রমণ করো।” ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, “যেখানে নকশাল পাও, গুলি করো।” তখন মওলানা ভাসানী বলেছিলেন, “মুজিব তোমার ঘোষণা প্রত্যাহার করো। কারণ, নকশাল কারও গায়ে লেখা থাকে না।” আজ আমরা বলব, জামায়াত-শিবিরও কারও গায়ে লেখা থাকে না।’সাদেক হোসেন বলেন, জামায়াত-শিবিরের ধুয়া তুলে সরকার দাড়ি-টুপি পরা ধর্মপ্রাণ মানুষের ওপর হামলার ন্যক্কারজনক পদক্ষেপ চালু করেছে। কিন্তু তাবলিগ জামাত, অনেক পীর-মাশায়েখ, হাজারো বিএনপির কর্মী তো জামায়াতের অনুসারী নন। তিনি বলেন, ‘আমরা শুধু এর নিন্দা জানাব না, এভাবে চলতে থাকলে হামলার বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে।’বিএনপির ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামানসহ তেজগাঁও থানার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ নভেম্বর কারওয়ান বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়। এসব মামলায় বিএনপির নেতা আনোয়ারুজ্জামানসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ১৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া উত্তরা থানা মহিলা দলের সভাপতির ছেলে আহমদ শরীফকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়।বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, জাসাস-এর সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।