আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনার তিন বছর পূর্তি হয়েছে গতকাল বুধবার। ওই হামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী প্রাণ হারান। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর ওই ঘটনার কিছুদিন পর হামলার ঘটনায় করা মামলার তিন আসামির লাশ উদ্ধার করে পুলিশ।
তিন বছর পূর্তিতে গতকাল নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নিহত দলীয় নেতা-কর্মীদের কবর জিয়ারত করা হয়। নিহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের নিজ নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন। এ ছাড়া সদরের টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিটের উদ্যোগে রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকেলে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মী এবং এক পথচারীকে হত্যা করা হয়। এ ঘটনায় আদালতে দুটি মামলা হয়। পরে জেলা সদর থানা মামলাগুলো তদন্ত করে ২০১৫ সালের ১১ মার্চ ২০৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সূত্র জানায়, ২০৬ জন আসামির মধ্যে ২০ জন পলাতক রয়েছেন। বাকি ১৮৬ আসামির মধ্যে ১৮২ জন হাইকোর্ট থেকে, ২ জন জেলা জজ আদালত থেকে এবং ২ জন নিম্ন আদালতে জামিন পেয়ে মুক্ত আছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি ওই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য আছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ঘটনার রাতে পুলিশের পক্ষে মামলা দায়েরের পর টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই রাশেদ চৌধুরী বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আরেকটি মামলা করেন। আদালতের বিচারক একই ঘটনায় দায়ের হওয়া দুই মামলা একত্রে তদন্ত করে পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
এদিকে ওই হামলার কিছুদিন পর মামলার তিন আসামির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের দায়ের করা মামলার প্রধান আসামি গোলাম রব্বানীর লাশ ২০১৪ সালের ১৮ জানুয়ারি উদ্ধার করা হয়। ২০ জানুয়ারি টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিকের লাশ উদ্ধার করা হয়। পরে ছাত্রশিবিরের কর্মী মহিদুল ইসলামের (২৬) লাশ উদ্ধার করা হয়। ১ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয়ের ওই লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন হয়।