আওয়ামী লীগের এক নেতা পিটিয়েছেন আরেকজনকে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাবের সমর্থকেরা গত শুক্রবার দলের শ্রমবিষয়ক সম্পাদক মো. ইউনুস আলীকে মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে ভায়না ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইউনুস আলী দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভায়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিভিন্ন সময়ে আবদুল ওহাব তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন। কিন্তু তিনি নির্বাচন থেকে না সরায় নানা হয়রানির শিকার হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সুজানগর থানার সামনে গেলে আবদুল ওহাব সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁকে বেদম মারপিট করেন। এ ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশ তা গ্রহণ করেনি। উল্টা ওহাবের পক্ষ নিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেছে। বিষয়টি নির্বাচন কমিশনসহ প্রশাসনের সব দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘ইউনিয়নটিতে প্রতিদিনই ছোটখাটো মারপিটের ঘটনা ঘটছে। উভয় পক্ষই থানায় দুটি করে চারটি অভিযোগ জমা দিয়েছে। আমরা অভিযোগগুলো গ্রহণ করে তদন্ত করছি। কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এখানে পক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই।’ এলাকাবাসী সূত্রে জানা যায়, ভায়না ইউপি নির্বাচনে চারজন চেয়ারম্যান পদপ্রার্থীর তিনজনই আওয়ামী লীগ সমর্থক। একজন বিএনপির। এর মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী ওই দুজন নেতা কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। ফলে ইউনিয়নবাসী অসুবিধায় রয়েছে। আবদুল ওহাব বলেন, ‘আমার কিছু সমর্থককে ইউনুস আলীর সমর্থকেরা ঘটনার দিন সকালে মারপিট করেছিল। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় ইউনুস আলীর কাছে জানতে চাইলে তিনি আমাকে ফাঁসানোর জন্য মারপিটের নাটক সাজিয়েছেন। এর বাইরে কিছু ঘটেনি।’ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘ভায়না ইউনিয়নের ১৯ জুনের নির্বাচন নিয়ে আমরাও চিন্তিত। প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। আমরা অভিযোগগুলো তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’