আওয়ামী লীগের কমিটিতে নারীর সংখ্যা কমেছে
গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারীর সংখ্যা পর্যায়ক্রমে বাড়ার কথা। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য গঠিত নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নারীর সংখ্যা কমেছে।৭৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে নারী আছেন ১১ জন। যা পুরো কমিটির ১৫ শতাংশ মাত্র। অথচ এর আগে ২০০৯ সালে গঠিত কমিটিতে নারীর সংখ্যা ছিল ১৬ শতাংশ। সে কমিটিতে নারী ছিলেন ১২ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, রাজনৈতিক দলের প্রতিটি স্তরের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী থাকার কথা। পর্যায়ক্রমে কমিটিতে নারীর সংখ্যা বাড়িয়ে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ করার কথা।এমনকি আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারেও নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু ক্ষমতার চলতি মেয়াদের শেষদিকে এসে কেন্দ্রীয় কমিটিতেই নারীর অংশগ্রহণ আরও কমে গেছে। এর আগে ২০০৯ সালে গঠিত কমিটিতে থাকা নারীদের মধ্যে এবার দুজন বাদ পড়েছেন। আবার, নতুন এ কমিটিতে কেন্দ্রীয় সদস্য পদে প্রথমবারের মতো স্থান পেয়েছেন সাংসদ সিমিন হোসেন রিমি।গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সর্বসম্মতভাবে সপ্তমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। পরে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতিমণ্ডলীর দুটি পদ এবং পরিবেশ ও বনবিষয়ক সম্পাদকের পদ খালি আছে। তবে এই পদগুলোতে নারীদের কেউ ঠাঁই পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।বর্তমান কমিটির গুরুত্বপূর্ণ অনেক পদে নারীরা দায়িত্ব পালন করছেন। তবে ২০০৯ সালের কমিটিতে নারীরা যেসব পদে ছিলেন, তাঁরা এবারও প্রায় একই পদে রয়েছেন। এবারের কমিটিতে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীর সদস্য আছেন সৈয়দা জোহরা তাজউদ্দীন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দীপু মনি। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শিরীন শারমিন চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন মন্নুজান সুফিয়ান ও সাংসদ সিমিন হোসেন রিমি।এ ছাড়া তিন বছর মেয়াদের ১০ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের সংসদীয় পর্ষদে শেখ হাসিনা ও সৈয়দা সাজেদা চৌধুরী দায়িত্ব পালন করছেন। আর, ৩৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে আছেন হামিদা বানু ও সুলতানা শফি। ৬৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকদের মধ্যে নারী আছেন একজন। বর্তমান কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ পদে আগে ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সামনে নির্বাচন, তাই এবার কমিটিতে তেমন একটা রদবদল ঘটানো হয়নি। তিনি বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার আওয়ামী লীগের আছে। দলটি নবীন ও নারীর অংশগ্রহণকে সব সময় গুরুত্ব দেয়। সে হিসেবে কার্যনির্বাহী কমিটিতে নারীর সংখ্যা বাড়ানোর বিষয়ে দলকে আরও ‘সিরিয়াস’ হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।