আওয়ামী লীগের কর্মিসভা বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার কর্মিসভা করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এ কারণে বিদ্যালয়ে শনিবারের নির্ধারিত পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্রী ও তাদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানায়, তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। গতকাল সকাল ১০টায় ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর এবং বেলা দুইটায় অষ্টম ও ১০ম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের কর্মিসভার কারণে শনিবার সকালের পরীক্ষার তারিখ বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করে ৩১ জুলাই নির্ধারণ করে এবং দুইটার পরীক্ষা গতকাল বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। তারা বলে, কর্মিসভা পরেও করা যেত। তাদের পরীক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানু বলেন, আওয়ামী লীগের নেতাদের অনুরোধে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কর্মিসভা উপলক্ষে বেলা দুইটার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলসহ স্কুল মাঠে জড়ো হতে থাকেন। থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সাংসদ আবদুল্লাহ-আল কায়সার।পরীক্ষা বন্ধ করার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এই কর্মিসভা করার জন্য সাত দিন আগে বিদ্যালয়ের মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আমরা কোনো পরীক্ষা বাতিল বা তারিখ পরিবর্তনের কথা বলিনি।’