কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর ও খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের তিন ‘বিদ্রোহী’ প্রার্থীকে হুমকি ও মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের চাপ এবং সমর্থকদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
বিদ্রোহী প্রার্থী ও ওই তিন পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কুমারখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ। এখানে পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া খান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত শুক্রবার রাতে শহরে দুই দফায় তাঁর ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান ২০ থেকে ২৫ জন যুবক। এতে তিনজন আহত হন। এ ঘটনায় জাকারিয়া খান উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।
জাকারিয়া খান বলেন, ‘বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ তাঁর সমর্থকদের নিয়ে আমার ওপর হামলা করায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার সমর্থকদের মাঠে না নামতে হুমকি দেওয়া হচ্ছে।’ তবে সামসুজ্জামান অরুণ বলেন, ‘জাকারিয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আমি পাগল নই যে তাঁকে মারধর করব। ছেলেপুলে সামনাসামনি হলে হতে পারে।’ কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মিরপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আতাহার আলী।
আহাতার আলী বলেন, ‘আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র হিসেবেই নির্বাচনে লড়ছি। এরপরও মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ নিয়ে প্রচারণা চালাচ্ছি।’ কারা চাপ দিচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান মেয়র এনামুল হক তাঁর লোক দিয়ে চাপ দিচ্ছেন। কে বা কারা আমার মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছে। আমি নিজে ওই চিঠি দিইনি।’ তবে এনামুল হক বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারে আতাহারকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। আমি প্রচার নিয়ে ব্যস্ত আছি। সবাই নির্বাচন করুক, কোনো সমস্যা নেই।’
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আজাদ জাহান বলেন, প্রার্থী নিজে না আসা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার হবে না।
খোকসায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী উপজেলার যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ।
আল মাসুম মোর্শেদ বলেন, তারিকুলের লোকজন কয়েক দিন ধরে হুমকি-ধমকি দিচ্ছেন। তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করা না হলে ১৪ ডিসেম্বরের পর দেখে নেবেন বলে হুমকি দিচ্ছেন। সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোরও হুমকি দেওয়া হচ্ছে। তিনি (মোর্শেদ) জনগণের দাবিতে নির্বাচন করছেন। কারও ভয়ে মাথা নত না করে প্রচার চালিয়ে যাবেন।
তারিকুল ইসলাম বলেন, আল মাসুম মোর্শেদকে হুমকি-ধমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঘরে বসে তিনি (মোর্শেদ) এসব ছড়াচ্ছেন। মাঠে তাঁদের কেউ নেই।