আওয়ামী লীগের দাবিমুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের এক বিশেষ বৈঠকে এ দাবি করা হয়। বৈঠকে মুজিবনগর দিবস পালনের লক্ষ্যে দলীয় কর্মসূচিও চূড়ান্ত করা হয়। ঢাকা ও মেহেরপুরের মুজিবনগরে পৃথকভাবে পালনের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে।বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে কেন্দ্রীয় নেতা, খুলনা বিভাগের সব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, ওই অঞ্চলের দলীয় সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের সমন্বয়ে মুজিবনগর দিবস পালন কমিটি গঠন করা হয়েছে। ঢাকার কর্মসূচি: ১৭ এপ্রিল সকাল ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সাতটায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন; সাড়ে সাতটায় বনানী করবস্থানে জাতীয় চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও মনসুর আলী এবং একই সময় রাজশাহীতে কামরুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।মুজিবনগরের কর্মসূচি: সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সোয়া ১০টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন; সাড়ে ১০টায় মুজিবনগর সরকার গঠনকালে যেসব সদস্য গার্ড অব অনার দিয়েছিলেন, তাঁদের মধ্যে জীবিত ব্যক্তিরা গার্ড অব অনারে নেতৃত্ব দেবেন। বেলা ১১টায় হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষের কর্মসূচি: আগামী পয়লা বৈশাখ নববর্ষ পালন উপলক্ষে নেওয়া দলের কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের শুভেচ্ছা বিনিময় এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।