
কাউকে বলা হয়েছিল ‘পলিটিক্যাল শোডাউন’ হবে। আর কেউ জানতেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে অপদস্থ করা হবে। এভাবেই আওয়ামী লীগ নেতা একরামকে হত্যার জন্য উঠতি বয়সী অর্ধশতাধিক তরুণ-কিশোরকে ঘটনাস্থলে জড়ো করা হয়েছিল। তবে এদের মধ্যে হত্যার পরিকল্পনার কথা জানতেন অল্প কয়েকজনই।
এঁদের জড়ো করা, অস্ত্র সরবরাহ ও পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় করেছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী এবং ফেনী পৌরসভার কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হেল বাকী ওরফে শিবলু। এই দুজন ঘটনার আগের রাতে (১৯ মে) মূল আক্রমণকারীদের নিয়ে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারে বৈঠক করেছিলেন৷
একরাম হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তরুণেরা জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন। র্যাব জানায়, শুক্রবার রাতে ও গতকাল শনিবার ভোরে রাজধানী ঢাকা থেকে সাতজন এবং ফেনী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে সাতজনই একরামুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন বলে র্যাব জানিয়েছে। অপরজন এঁদের ঢাকায় আশ্রয় দিয়েছিলেন৷ গতকাল র৵াবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এঁদের হাজির করা হয়৷ এরপর গত রাতেই তাঁদের ফেনীর পুলিশের হেফাজতে নেওয়া হয়৷ এ ছাড়া, একরাম হত্যায় জড়িত সন্দেহে গতকাল ফুলগাজী থেকে যুবলীগের কর্মী আলমগীর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
এখনো আড়ালে মূল পরিকল্পনাকারী: র৵াব ও পুলিশের সূত্রগুলো বলছে, একরাম হত্যার পরিকল্পনা বাস্তবায়নে কারা মাঠপর্যায়ে তত্ত্বাবধান করেছেন এবং কারা আক্রমণে জড়িত ছিলেন, তা মোটামুটি স্পষ্ট হয়েছে তদন্তকারীদের কাছে। তবে নৃশংস এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনায় কে বা কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়।
তবে ঘটনার পর থেকে এ নিয়ে ফেনীজুড়ে ব্যাপক কানাঘুষা রয়েছে। তাৎক্ষণিকভাবে একরামের সমর্থকেরা সন্দেহের আঙুল তুলেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর প্রতি৷ নিহত একরামের সঙ্গে সাংসদ নিজামের দ্বন্দ্বের নানা কথাও আলোচিত হয়েছে। যদিও নিজাম হাজারী দাবি করে আসছেন, একরাম তাঁর ছোট ভাইয়ের মতো, তাঁদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না৷
অন্যদিকে, এই হত্যায় কারা তাৎক্ষণিকভাবে লাভবান, সেটি যেমন আলোচনায় আসছে, একই সঙ্গে ফেনীর আওয়ামী লীগের রাজনীতি, ঠিকাদারি-চাঁদাবাজি কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়েও হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে একরাম নিজ দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতেই খুন হয়েছেন৷ হত্যা পরিকল্পনা বাস্তবায়নে তত্ত্বাবধানকারী হিসেবে ইতিমধ্যে যে জাহিদ চৌধুরী ও কাউন্সিলর শিবলুর নাম প্রকাশ পেয়েছে, দুজনই সাংসদ নিজামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷ শিবলু গত শুক্রবার নিজাম হাজারীর সঙ্গে একরামের মাস্টারপাড়ার বাসায় কুলখানিতে গিয়েছিলেন৷
আবার, জাহিদ চৌধুরী ফুলগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করেছিলেন৷ উপজেলা নির্বাচনের দিন একরামকে গুলি করে হত্যার চেষ্টাও হয়েছিল৷ অন্যদিকে, এ ঘটনায় রাজনৈতিকভাবে নিজাম হাজারী চাপে পড়ায়, এ সুযোগ কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছেন ফেনীর রাজনীতি থেকে একপ্রকার বিতাড়িত একসময়ের সন্ত্রাসের গডফাদার জয়নাল হাজারীও৷ সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে৷ এ কারণে একরাম হত্যার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে সময় লাগছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা৷
র৵াব ও পুলিশ বলছে, হামলার প্রধান তত্ত্বাবধায়ক ও অস্ত্র সরবরাহকারী জাহিদ চৌধুরীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ আর, কাউন্সিলর শিবলু গতকাল দুপুরে ফেনী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তার আগে তিনি প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদককে মুঠোফোনে বলেন, একরাম হত্যার বিষয়ে তাঁকে জড়িয়ে যেসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তা সত্য নয়৷
কেউ জানত, কেউ জানত না: র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আটজন হলেন আবিদুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম ওরফে সৈকত (২২), চৌধুরী নাফিজ উদ্দিন অনীক (২০), কাজী শানান মাহমুদ (২৩), সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী ওরফে সিফাত (২৪), শাহজালাল উদ্দিন ওরফে শিপন (২২), জাহিদ হোসেন ভূঁইয়া (২১) ও হেলাল উদ্দিন (২৩)। এঁদের মধ্যে জাহিদ ভূঁইয়াকে ফেনীর রামপুর থেকে এবং বাকিদের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হেলাল উদ্দিনের বাসা থেকে আটক করা হয়৷
র্যাব জানায়, আওয়ামী লীগের নেতা জাহিদ চৌধুরী ওই হামলার জন্য পাঁচটি পিস্তল দিয়েছিলেন। এই পিস্তলগুলো ছিল আবিদ, শানান, সিফাত, সানী ও সৈকতের হাতে। এ ছাড়া, রুটি সোহেলের কাছে তাঁর পিস্তল ছিল৷ হামলাকারীদের মধ্যে এঁরাসহ কয়েকজন খুনের পরিকল্পনার কথা জানতেন। বাকিদের কিছু ধারালো অস্ত্র, রড ও লাঠি দেওয়া হয়।
এঁদের মধ্যে আবিদ সাংসদ নিজাম হাজারীর মামাতো ভাই ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরার ছেলে৷ আবিদ গতকাল র৵াব সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, ১৯ মে রাতে স্থানীয় সালাম কমিউনিটি সেন্টারে একটি বৈঠক হয়৷ তিনি ও রুটি সোহেল সেখানে গেলেও রুদ্ধদ্বার বৈঠকে ঢুকতে পারেননি৷ তিনি জানান, জাহিদ চৌধুরী, কাউন্সিলর শিবলুসহ অন্যরা ওই বৈঠকে ছিলেন।
আবিদ বলেন, ওই বৈঠকের পর জাহিদ চৌধুরী তাঁদের বলেন, একরামের সঙ্গে ঝগড়া লাগাতে হবে, তাঁকে গাড়ি থেকে নামিয়ে পাঞ্জাবি ছিঁড়ে দিতে হবে৷ মারধর করে গাড়ি ভেঙে দিতে হবে। ওই রাতে ট্রাংক রোড থেকে আবিদ, শানান, শিফাত, সিপন, অনীক, সৈকত, সানী, মোহন ও রাহাত জিএ একাডেমিতে (স্কুল) আসেন। তাঁরা সেখানে হামলার কিছু কর্মকৌশল ঠিক করেন৷ রাত সাড়ে ১১টার দিকে জাহিদ চৌধুরী আবারও তাঁকে ফোন করে মিজান রোডে ঈদগাহ ময়দানে ডেকে পাঠান৷ সেখানে তিনি ও রুটি সোহেল গিয়ে জাহিদের সঙ্গে দেখা করেন। তখন জাহিদ চৌধুরী তাঁদের বলেন, একরামকে মেরে ফেলতে হবে। না হলে জাহিদকে খুন করবেন একরাম। মূলত সেখানেই তাঁরা একরামকে হত্যার নির্দেশ পান৷
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আগে জানিয়েছেন, আবিদই প্রথম একরামকে গুলি করেন। আবিদ নিজেও গতকাল র৵াবের কাছে গুলি চালানোর কথা স্বীকার করেছেন৷ তাঁর দাবি, তিনি প্রথমে ওপরের দিকে ফাঁকা গুলি করেন। দুটি গুলির পরে আর গুলি না হওয়ায় তিনি শানানের পিস্তল নিয়ে পেছন থেকে গাড়িতে গুলি করেন। পরে দুটি পিস্তলই জাহিদ চৌধুরীকে ফেরত দিয়ে দেন।
শানান মাহমুদ জিজ্ঞাসাবাদে র৵াবকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে এসে আবিদের সঙ্গে ১০-১২ মিনিট কথা বলে যান জাহিদ চৌধুরী। আগের রাতে জাহিদ চৌধুরী তাঁদের পাঁচজনকে পাঁচটি পিস্তল দেন। এ ছাড়া, রুটি সোহেলের কাছেও পিস্তল ছিল। তিনিও বলেন, জাহিদ ও শিবলু পুরো হামলার তদারক করেছেন৷
ঘটনার সময় রামদা নিয়ে হামলা চালিয়েছেন বলে র৵াবের কাছে স্বীকার করেন শাহজালাল শিপন৷ তিনি বলেন, তাঁকে জাহিদ চৌধুরী ও কাউন্সিলর শিবলু বন্ধুবান্ধব নিয়ে বিলাসী সিনেমার সামনে দাঁড়াতে বলেন। তাঁকে বলা হয়েছিল ছাত্রলীগের ‘শোডাউন’ হবে, ‘ভেজাল’ হতে পারে। ঘটনার আগের রাতে স্টেডিয়ামের জিমনেসিয়ামের পাশে ঝোপে অনেকগুলো চাপাতি, কিরিচ, রামদা ও লোহার রড রাখা হয়৷ সেখান থেকে একটি রামদা জিনসের প্যান্টের পেছনে গুঁজে হামলায় অংশ নেন শিপন৷
র৵াবের জিজ্ঞাসাবাদে জাহিদুল সৈকত বলেন, ঘটনার দিন সকালে তিনি অন্য অনেকের মতো জিমনেসিয়ামে হাজির হন৷ সোয়া নয়টার দিকে কাউন্সিলর শিবলু সেখানে এসে সমবেত তরুণদের বলেন, কিছুক্ষণ পরে একটা জিপ গাড়ি আসবে, সেটি আটকাতে হবে। এ সময় সানী নামের একজন জিজ্ঞেস করেন, কার গাড়ি? তখন শিবলু বলেন, ‘এলাকার গাড়ি, এত কিছু জানার দরকার নেই।’
গ্রেপ্তার হওয়া তরুণেরা জানান, তাঁরা গাড়িতে কুপিয়ে-গুলি করে গলির ভেতর ঢুকে যাওয়ার পরে মানিক নামের একজন তাঁদেরকে একরামের গাড়িতে থাকা অস্ত্র আনতে পাঠান। তখন তাঁরা গিয়ে গাড়ির ভেতরে একরাম ও তাঁর সঙ্গীদের মানিব্যাগ, মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেন৷ এরপর অন্য কয়েকজন এসে গাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনে পুড়ে অঙ্গার হন গুলিবিদ্ধ একরাম৷