আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে বাবু মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও ৩০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে ফরিদপুর ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় ১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুর ১২টার দিকে এলাকার ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে স্থানীয় একটি দোকানের সামনে মো. তামিম ও মো. মামুনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তামিম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সমর্থক এবং মামুন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলীর সমর্থক। কথা-কাটাকাটির জের ধরে উভয়ের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলা দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে সড়কির আঘাতে সাব্বির আলীর সমর্থক বাবু মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। বাবু খলিশাডুবি গ্রামের শামসু মাতুব্বরের ছেলে। এ সংঘর্ষে কুদ্দুছ মোল্লা, জিয়া মাতুব্বর, সোলেমান মাতুব্বর, কামাল মাতুব্বরসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু নিহত হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাব্বির আলীর সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সৈয়দ আলীর সমর্থকদের কমপক্ষে ১৫ বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া দল নিয়ে ঘটনাস্থলে যান। সালথা থানার পুলিশ এবং ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, বাচ্চাদের খেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তোতা মিয়া বলেন, এ সংঘর্ষে দুই পক্ষের কয়েক শ লোক দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।