আওয়ামী লীগের দুই পক্ষে মারামারি, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁ ইউনিয়নের কল্লাপোড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারির ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২২টি বাইসাইকেল দোকানের বাইরে এনে অগ্নিসংযোগ করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।হামলা ও মারামারির ঘটনায় দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন: আবুল কাশেম (৫৬), আবুল কালাম (৪৮), শাহাদাৎ হোসেন (২৫) ও মো. দুলাল (২৪)। আহতদের মধ্যে প্রথম চারজনকে বেগমগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে বারগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর ও দৌলতপুর গ্রামের ক্ষমতাসীন আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের (উপজেলা চেয়ারম্যান আ ফ ম বাবু ও জেলা কমিটির সদস্য খন্দকার রহুল আমিন) বাসিন্দাদের বিরোধ দীর্ঘদিনের। ওই বিরোধের জের ধরে গতকাল সকাল পৌনে নয়টার দিকে দৌলতপুর এলাকার আওয়ামী লীগের কর্মী ইমাম হোসেন ওরফে রাজুর নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল লোক অতর্কিতে এসে কৃষ্ণপুর কল্লাপোড়া বাজারে এসে আবুল কাশেমের দোকানে হামলা চালায়। হামলাকারীরা এ সময় দোকানের ভেতর থেকে ২২টি বাইসাইকেল বের করে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয় এবং কাশেমকে কুপিয়ে আহত করে। এরপর এ নিয়ে দুই পক্ষের মধ্যে গ্রামের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও মারামারির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের আরও অন্তত সাতজন আহত হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে, আ ফ ম বাবু দুই পক্ষের মারামারির কথা স্বীকার করলেও তা দলীয় বিরোধ নয় বলে দাবি করেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমর্থক হলেও কেউ অপরাধ করলে তো তাঁকে সমর্থন দেওয়া যাবে না।’একই বিষয়ে অপর পক্ষের নেতা খন্দকার রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়।