আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ার হাটে গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়কসহ উভয় পক্ষের ১৫ জন নেতা-কর্মী আহত হন। কাউন্সিলরদের (ভোটার) মতামত না নিয়ে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।আহত ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল রাহুল, মো. আমিন বেপারী, আবদুল মান্নান, জুলাস মোল্লা, ফারুক কারী, নাছির আহমেদ, আনোয়ার হোসেন, খালেক মাঝি ও আলী আজগর মাঝিকে রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।দলীয় সূত্র জনায়, গত ২৯ জুন ওই ইউনিয়নের এল কে এইচ উচ্চবিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোট নিলে উপজেলা আওয়ামী লীগের নেতাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত হবেন না—এমন শঙ্কা থাকায় কমিটি না করেই তড়িঘড়ি করে সমেঞ্চলন শেষ করে দেওয়া হয়। পরে রায়পুর শহরে বসে ২ জুলাই আবদুর রশিদ মোল্লাকে সভাপতি ও মিন্টু ফরায়েজিকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। অগণতান্ত্রিকভাবে করা এ কমিটির বিরুদ্ধে নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কাছে একটি লিখিত অভিযোগ দেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিমের নেতৃত্বে সিনিয়র নেতারা গত রোববার ঘটনাস্থলে তদন্ত করতে এসে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় আবদুর রশিদ মোল্লা ও মিন্টু ফরায়েজির সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সোমবার মিন্টু ফরায়েজির সমর্থক শাহজালাল রাহুল মিয়ার হাটে গেলে রশিদ মোল্লার লোকজন তাঁর ওপর হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিন্টু ফরায়েজি বলেন, ‘পকেট কমিটি আমিও চাই না। অগণতান্ত্রিকভাবে কমিটি করলে এর বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীরা জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এ কারণে গতকাল সোমবার রশিদ মোল্লার লোকজন অতর্কিতভাবে মিয়ার হাটে আমার লোকদের ওপর হামলা চালিয়ে আহত করে।’আবদুর রশিদ মোল্লা বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নেতরা নিয়মমাফিক কমিটি গঠন করেন। মিন্টু ফরায়েজির লোকজন অযথা এর বিরুদ্ধে জেলা কমিটিতে লিখিত অভিযোগ দেন। গতকাল তাঁরা অন্যায়ভাবে আমার সমর্থকদের পিটিয়ে আহত করেন।’ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ভাষ্যমতে, আবদুর রশিদ মোল্লা ২০০৩ সালে বিএনপিদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জনসভায় আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে পুনরায় ফিরে আসতে আবেদন করেন। ওই আবেদন উপজেলা কমিটির কোনো সভায় উত্থাপিত হয়ে সিদ্ধান্ত হয়নি। তাঁকে সভাপতি করতে উপজেলা আওয়ামী লীগের গুটি কয়েক নেতা মরিয়া হয়ে পকেট কমিটি করেন। এতে তৃণমূল নেতা-কর্মীদের মতের প্রতিফলন ঘটেনি।লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম বলেন, ‘ওই ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি নিয়ে নেতাদের বিভক্তি চলছে। অভিযোগ পেয়ে তা নিরসনের জন্য আমি ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের বক্তব্য শুনেছি। আমি চলে আসার পর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’হাজীমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।