শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দুজন প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা হওয়ায় অনেকের দৃষ্টি এখন এ উপজেলার দিকে। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৭২ হাজার ১২৮ জন। এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আজ রোববার (২৩ মার্চ) এ উপজেলায় ভোট হচ্ছে।
নালিতাবড়ীর নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হালিম ওরফে উকিল, আওয়ামী লীগ-সমর্থিত দলের উপজেলা সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান ওরফে লেবু, বিএনপি-সমর্থিত এ কে এম মোখলেছুর রহমান ওরফে রিপন।
বেশ কয়েকজন ভোটার জানান, আওয়ামী লীগের তৃণমূলের সমর্থন নিয়ে দলীয় প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোকছেদুর রহমান। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিগত পাঁচ বছর মতিয়া চৌধুরীর মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করায় ভোটারদের মধ্যে তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। ‘বিদ্রোহী’ প্রার্থী আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবদুল হালিম দীর্ঘদিন দলের দায়িত্বে থাকায় ভোটারদের মধ্যে তাঁর রয়েছে শক্ত অবস্থান। তাই দুই প্রার্থীকে নিয়ে কিছুটা বিপাকে রয়েছেন আওয়ামী লীগের সমর্থকেরা।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী দলীয় সমর্থন পেলেও দ্বন্দ্বের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমানকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। একক প্রার্থী হওয়ায় তিনি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। আশরাফ আলী ছাড়া দলীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে একযোগে কাজ করে যাচ্ছেন।
বিএনপি নেতা-কর্মীরা মনে করছেন, আওয়ামী লীগের ভোটে দুই প্রার্থীই ভাগ বসাবেন। আর বিএনপির ভোট পড়বে একক প্রার্থীর বাক্সে। তাই নির্বাচনী মাঠে দুই প্রার্থী আওয়ামী লীগের ভোটে সমান সমান অর্থাৎ ‘ড্র’। আর ‘ড্র’ মাঠে বিএনপির প্রার্থীর এগিয়ে যাওয়াকে ট্রাইব্রেকার মনে করা হচ্ছে। এখন শুধু গোল করে জয়ের ব্যাপার মাত্র। আজমদ আলী (৫০) নামের এক সাধারণ ভোটার জানান, আওয়ামী লীগের দুই প্রার্থীর খেলার মধ্য দিয়ে বিএনপির প্রার্থী গোল করে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। এখানকার ভোটাররা শুধু দল বিবেচনায় নয়, প্রার্থীর যোগ্যতা যাচাই করেই তাঁকে ভোট দেবেন।
‘এ উপজেলার ভোটের সমীকরণ খুব সহজ নয়। তিন প্রার্থীর মধ্যে তুমুল ভোটযুদ্ধ হবে।’ বলেন শিক্ষিকা নাছিমা আক্তার। মোখলেছুর রহমান বলেন, ‘বিএনপিতে আমি একক প্রার্থী। তাই মোটরসাইকেলকে জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী।’ মোকছেদুর রহমান বলেন, ‘পাঁচ বছর জনগণের জন্য দিন-রাত কাজ করেছি। তাই দল আমাকে সমর্থন দিয়েছে। আশা করছি, জনগণ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন।’
আবদুল হালিম বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রকৃত প্রার্থী। দীর্ঘদিন যাবৎ দলের ও মানুষের কল্যাণে কাজ করেছি। তাই দলমত-নির্বিশেষে ভোটাররা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন বলে আশা করি।’