আওয়ামী লীগের দুই প্রার্থী নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর হাসান ও খন্দকার মশিউজ্জামান
তানভীর হাসান ও খন্দকার মশিউজ্জামান

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলের জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান। পরে গত বুধবার তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে গোপালপুরে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, বর্তমান সাংসদের ছেলে খন্দকার মশিউজ্জামানও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন। এরপর বুধবার বিকেলে মশিউজ্জামানও টাঙ্গাইলে এসে মনোনয়নপত্র জমা দেন।
এখন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের প্রশ্ন, কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী।
তানভীর হাসানের সমর্থকদের দাবি, তানভীর দীর্ঘদিন জার্মানিতে ছিলেন। তিনি জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তাই অপর মনোনয়নপ্রত্যাশী বর্তমান সাংসদ খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান দলের শীর্ষ পর্যায়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন, তানভীর দ্বৈত নাগরিক। তাঁর মনোনয়ন বাতিল হবে। এ জন্য শেষ মুহূর্তে তিনি মনোনয়নের চিঠি পেয়েছেন। কিন্তু তানভীরের মনোনয়ন বাতিল করা হয়নি।
এদিকে সাংসদের সমর্থকদের দাবি, তাঁরা কোথাও কোনো বিভ্রান্তি ছড়াননি। প্রথমে তানভীর হাসানকে মনোনয়ন দেওয়া হলেও দল শেষ মুহূর্তে মশিউজ্জামানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী।

এ প্রসঙ্গে তানভীর হাসান বলেন, তিনি দীর্ঘদিন জার্মানিতে থাকলেও কখনোই সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন। তাঁর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে বিভ্রান্ত ছড়াচ্ছে একটি মহল।
এদিকে মশিউজ্জামানকে মনোনয়নের চিঠি দেওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের তানভীরের অনুসারীরা। তাঁরা মশিউজ্জামানের বিরুদ্ধে বুধবার ও গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন।
গত বুধবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ হয়। ওই সমাবেশে মশিউজ্জামানকে ভূঞাপুর-গোপালপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক।
ভূঞাপুরের পৌর মেয়র মাসুদুল হক বলেন, বর্তমান সাংসদ ও তাঁর পরিবারের এলাকার কারও সঙ্গে সম্পর্ক নেই। দলীয় নেতা–কর্মীরা তাঁদের কিছুতেই মেনে নেবে না।