আওয়ামী লীগের দুই বিদ্রোহী এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-৪ আসনে (সদর-বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির। তবে এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের জেলা কমিটির সভাপতি সাংসদ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা।
দলীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্র থেকে প্রার্থীর নাম ঘোষণার পর শনিবার রাতে সাংসদ মতিউর রহমান সুনামগঞ্জ আসেন। পরদিন তিনি ঢাকায় চলে যেতে চাইলেও নূরুল হুদার সমর্থকেরা তাঁকে যেতে দেননি। পরে দুই নেতার মধ্যে সমঝোতা হয়। মনোনয়ন দাখিলের দিন সোমবার সকালে দলীয় কার্যালয়ে যান মতিউর রহমান। এরপর নূরুল হুদার নেতৃত্বে শহরে নেতা-কর্মীরা এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে দুই নেতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
নূরুল হুদা বলেছেন, ‘নেতা-কর্মীদের চাপে মনোনয়ন জমা দিতে বাধ্য হয়েছি। এখানে এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো, যাঁর সঙ্গে দলের, দলের নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। এতে নেতা-কর্মীরা হতাশ।’
মতিউর রহমান বলেন, ‘এখানে প্রার্থী পরিবর্তনের দাবি আছে বলেই মনোনয়নপত্র জমা দিয়েছি। সেটি না হলে মনোনয়ন প্রত্যাহার করে নেব।’
এনামুল কবির সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্দেশে বলেছেন, ‘তাঁরা দুজনই আমার শ্রদ্ধাভাজন। আমি মনোনয়ন পেয়েই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি।’