আওয়ামী লীগের দুর্গে জামায়াতের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরেজমিন: মনিরামপুর
সরেজমিন: মনিরামপুর

ভোটের রাজনী-তিতে মনিরামপুরে জামায়াতে ইসলামী কখনোই তেমন শক্তিশালী ছিল না। অথচ এখন উপজেলাজুড়ে জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে একসময় আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত মনিরামপুরে আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কেউই ঠিকমতো নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। আওয়ামী লীগের এ দুর্গ এখন জামায়াতের নিয়ন্ত্রণে। ক্ষেত্রবিশেষে জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে বিএনপিও।
গতকাল রোববারও উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার হাজরাইল গ্রামে একটি নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন আওয়ামী লীগের সাংসদ খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ুন সুলতান। এ সময় মুখে কালো কাপড় বাঁধা ১০-১২ জন লোক ওই সভায় হামলা চালায়। তারা হুমায়ুন সুলতানের প্রাইভেট কারটি পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আট-দশটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার জন্য হুমায়ুন বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন। গতকাল সকালে নৌকা প্রতীকের পোস্টার লাগানোর সময় জামায়াতের কর্মীদের হামলায় আওয়ামী লীগের চারজন কর্মী আহত হয়েছেন। এ ছাড়া আগের দিন শনিবার গভীর রাতে পাঁচ-সাতটি পিকআপ ভ্যানে করে একদল দুর্বৃত্ত উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী নতুন বাজার ও গরীবপুর এলাকার তিনটি গ্রামে ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় চাঁদপুর বাজারের নয়টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর অব্যাহত নাশকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ জন্য আওয়ামী লীগ দুষছে পুলিশ প্রশাসনকে। অন্যদিকে পুলিশ বলছে, উদ্ভূত পরিস্থিতির জন্য খোদ আওয়ামী লীগই দায়ী। তাদের উপদলীয় কোন্দলের সুযোগ নিচ্ছে জামায়াত এবং ক্ষেত্রবিশেষে জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষই অবশ্য দলীয় কোন্দলের বিষয়টি স্বীকার করেছে।
দুটি উপদলে বিভক্ত মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের একটি ধারার নেতৃত্বে আছেন সাংসদ খান টিপু সুলতান। অন্য ধারাটি চলছে সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্যের নেতৃত্বে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টিপু সুলতান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্যকে।
যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ খান টিপু সুলতান প্রথম আলোকে বলেন, উপজেলার ভোজগাতী ইউনিয়নের চারটি গ্রামে জামায়াত-শিবিরের বরাবরই শক্তিশালী অবস্থান ছিল। ফলে পাশের চালকিডাঙ্গা ও বেগারীতলায় তারা সহিংস কর্মকাণ্ড চালায়। তিনি বলেন, জামায়াত-শিবিরের বিরাট কোনো শক্তি এখানে নেই। প্রশাসনের ছত্রচ্ছায়া এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও একজন সচিবের আনুকূল্যে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা ও মারধর করছে, তাঁদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে ও লুটপাট করছে। তা ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্যের সঙ্গে বিএনপি-জামায়াতসমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বৈষয়িক সম্পর্ক তৈরি হওয়ার ফলে তাঁরা গত কয়েক বছরে ফুলে-ফেঁপে উঠেছেন।
স্বপন ভট্টাচার্য এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি একটি দল করি। আমার দলীয় আদর্শ বিসর্জন দিয়ে আমি কখনো জামায়াত-বিএনপির সঙ্গে সম্পর্ক রাখব না।’ তিনি বলেন, বিএনপি-জামায়াতের অনেক নেতা উপজেলা আওয়ামী লীগের নেতাদের কারও কারও আত্মীয়। স্বয়ং সাংসদের ষড়যন্ত্রের কারণে মনিরামপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী পরাজিত হন। একই কারণে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনেও পরাজিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান অকপটে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের একটি পক্ষের মদদে একাধিক বাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, চাঁদাবাজি করেছে। অপর পক্ষ সংক্ষুব্ধ হয়ে জামায়াত-বিএনপিকে আশকারা দিয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর মনিরামপুরে জামায়াত-শিবির সহিংস হয়ে উঠতে থাকে। পর্যায়ক্রমে জামায়াত-শিবির সাংগঠনিকভাবে সশস্ত্র অবস্থায় গিয়ে পৌঁছেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে জামায়াত এককভাবে নির্বাচন করেছিল এবং তাদের প্রার্থী হাবিবুর রহমান প্রথমবার ২৮ হাজার এবং দ্বিতীয়বার ৩৩ হাজার ভোট পেয়েছিলেন। বর্তমানে এখানে ভোটার দুই লাখ ৮৬ হাজার ৪৯৬। এর মধ্যে ৫০ হাজারের মতো হিন্দু ভোটার রয়েছে। এ আসনের সাবেক সাংসদ পীযূষ ভট্টাচার্য বলেন, সত্তরের নির্বাচন থেকে সর্বশেষ ২০০৮ সাল পর্যন্ত এ আসনটিতে বেশির ভাগ নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ছিল অপ্রতিরোধ্য।
পীযূষ ভট্টাচার্যের মতে, বারবার এ আসন থেকে নির্বাচিত সাংসদ টিপু সুলতান জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ভেতরে কোন্দল সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান আত্মসমালোচনা করে বলেন, ‘আগে দলে পরস্পরবিরোধী চারটি পক্ষ ছিল, কিন্তু কোনো কোন্দল ছিল না। এখন কোন্দল আছে। তবে দলীয়ভাবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের ব্যর্থতার দায় যতটা, তার চেয়ে বেশি দায় পুলিশের।’ তাঁর মতে, পুলিশ সুপারের সিদ্ধান্তহীনতার কারণেই মনিরামপুরে এতটা প্রতিকূল পরিস্থিতি হয়েছে।
যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র তাঁর কিংবা পুলিশের কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেন। তিনি বলেন, বর্তমানে মনিরামপুরে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু প্রতিরোধ গড়ে তোলার ন্যূনতম কোনো উদ্যোগ সরকারি দলের মধ্যে নেই।
সহিংসতার বিষয়ে জানতে উপজেলার জামায়াত-শিবিরের নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকেই পাওয়া যায়নি।
তবে যোগাযোগ করা হলে যশোর জামায়াতে ইসলামীর নায়েবে আমির নূর-ই-আল মামুন প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোতে মনিরামপুরে জামায়াতের চার-পাঁচজন কর্মী খুন হয়েছেন। কিন্তু জামায়াতের হাতে কেউ খুন হননি, তাঁরা কারও বাড়িঘরও ভাঙচুর করেননি।