আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা চেয়ারম্যান ও জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর সব সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থাকবেন।
গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ কথা জানা গেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শুরু হয়ে তা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার একটি কমিটি ভেঙে দিয়েছেন। তিনি তৃণমূল নেতাদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হয়েছেন। আওয়ামী লীগের ৬০ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। তিনি হানিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে তাঁর এ বক্তব্য বৈঠকে আমলে নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বা দলের অন্য কেউ এ বিষয়ে কোনো কথা বলেননি বা কোনো প্রতিক্রিয়া দেখাননি। ফলে বিষয়টি আর এগোয়নি।
সূত্র জানায়, দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে নেতাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনে জয় ও পরাজয় দুটি শব্দ আছে। আমাদের জয়ী হতে হবে। এ লক্ষ্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বৈঠকে আলোচনা হয়, যেহেতু বিরোধী দল কোনো আলোচনায় আসেনি, তাই তফসিল ঘোষণার আগ পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা বহাল থাকবে।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমুখ।